হাসিনাকে চট্টগ্রামে জনসভায় চান আ. লীগ নেতারা
দলীয় সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে আগামী ফেব্রুয়ারির শেষে বা মার্চের শুরুতে চট্টগ্রামে জনসভা করতে আগ্রহী সেখানকার আওয়ামী লীগ নেতারা।
শনিবার চট্টগ্রামের রেডিসন ব্লু চিটাগাং বে ভিউ তে প্রধানমন্ত্রীর মধ্যাহ্নভোজের সময় আওয়ামী লীগের চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদকের সাথে এ বিষয়ে আলোচনা করেছেন তারা।
সকালে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন চট্টগ্রাম কেন্দ্রে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশের (আইইবি) ৫৭তম কনভেনশন উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।
মধ্যাহ্নভোজে তার সঙ্গে ছিলেন এলজিআরডিমন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন, গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী নুরুল ইসলাম বিএসসি, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
উপস্থিত ছিলেন নগর আওয়ামী লীগ সভাপতি সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক ও বর্তমান মেয়র আ জ ম নাছির উদ্দিন, বন্দর আসনের সাংসদ এম এ লতিফ, পটিয়ার সাংসদ সামশুল হক চৌধুরী, বাঁশখালীর সাংসদ মোস্তাফিজুর রহমান ও চন্দনাইশের সাংসদ নজরুল ইসলাম।
রেডিসন ব্লু’র মেজবান হলে এ সময় চট্টগ্রাম উত্তর জেলা ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের শীর্ষ নেতারাও উপস্থিত ছিলেন।
দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রধানমন্ত্রীর সাথে চট্টগ্রামের মন্ত্রী, সাংসদ ও নেতাদের কুশল বিনিময় হয়েছে।
“চট্টগ্রামে সভানেত্রীর উপস্থিতিতে জনসভা করতে আমরা আগ্রহী। সেটা ফেব্রুয়ারির শেষে বা মার্চের শুরুতে। উনার উপস্থিতিতেই পলো গ্রাউন্ড মাঠে এই জনসভা হতে পারে।”
উত্তর জেলার সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান এম এ সালাম বলেন, সাংগঠনিক বিষয়ে সভানেত্রীর সাথে তেমন কোনো কথা হয়নি। উনি আবার চট্টগ্রামে আসবেন।
“সম্ভবত ২৮ ফেব্রুয়ারি তিনি ওয়াসার একটি প্রকল্প উদ্বোধন করবেন। একই সময়ে একটি জনসভা করা যায় কি না সে বিষয়ে বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীমের সাথে আলোচনা হয়েছে।”
দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান বলেন, দলীয় বিষয়ে আলোচনা হয়নি, তেমন সময়ও ছিল না। প্রধানমন্ত্রী আবার চট্টগ্রামে আসবেন। তখন সাংগঠনিক বিষয়ে আলোচনা হবে।
দশম সংসদ নির্বাচনের কয়েক মাস আগে ২০১৩ সালের ২৯ অগাস্ট চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় জনসভা করেছিলেন শেখ হাসিনা।
এরপর ২০১৬ সালের ৩০ জানুয়ারি চট্টগ্রামের বঙ্গবন্ধু অ্যাভিনিউর কুয়াইশ অংশে চট্টগ্রাম-কাপ্তাই সড়কের সংযোগস্থলে এলিভেটেড এক্সপ্রেস ওয়েসহ ছয়টি প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন প্রধানমন্ত্রী।
ওই অনুষ্ঠানে দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে আওয়ামী লীগ সভানেত্রী বলেছিলেন, “আবার আসব। এসে বড় জনসভা করব।”
এরপর প্রায় এক বছর কেটে গেলেও চট্টগ্রামে দলীয় কোনো জনসভায় অংশ নেননি প্রধানমন্ত্রী।
এ বিষয়ে চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চট্টগ্রামে অনেকদিন বড় কোনো জনসভা হয় না। চট্টগ্রামের নেতাদের সাথে এ নিয়ে আলাপ হয়েছে।
“প্রধানমন্ত্রী ২৮ ফেব্রুয়ারি আবার চট্টগ্রামে আসতে পারেন। সেই অনুষ্ঠান এখনো চূড়ান্ত হয়নি। চট্টগ্রামের নেতাদের বলেছি- জনসভা করা যায় কি না, আলোচনা করে সিদ্ধান্ত নিতে।
“এ বিষয়ে এখনও প্রধানমন্ত্রীর সঙ্গে কথা হয়নি। তবে আশা করি, উনি সময় দিতে পারবেন।”
চট্টগ্রাম ওয়াসার চেয়ারম্যান এ কে এম ফজলুল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কর্ণফুলী পানি সরবরাহ প্রকল্পটি আনুষ্ঠানিকভাবে ২৮ ফেব্রুয়ারি বা মার্চের প্রথম সপ্তাহে উদ্বোধনের কথা রয়েছে।
“শুধু একটি অনুষ্ঠানের জন্য প্রধানমন্ত্রী হয়তো চট্টগ্রাম আসবেন না। তাই হয়ত একই দিনে জনসভার বিষয়টিও আলোচনা হচ্ছে।”
কর্ণফুলী পানি সরবরাহ প্রকল্পের আওতায় রাঙ্গুনীয়ায় ১৪ কোটি লিটার ধারণ ক্ষমতার ‘শেখ হাসিনা পানি শোধনাগার’ নির্মাণ করা হয়েছে, যা এখন উদ্বোধনের অপেক্ষায়।
