২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আবার আসব, জনসভা করব: প্রধানমন্ত্রী

আবার এসে জনসভা করার ঘোষণা দিয়ে চট্টগ্রামের উন্নয়নে আরও প্রকল্প নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jan 2016, 09:35 PM

Updated : 11 Oct 2022, 07:41 PM

পুরনো খবর:

দেশের অর্থনৈতিক মুক্তি এনে দেবে আ. লীগ: প্রধানমন্ত্রী

শনিবার বিকেলে চট্টগ্রামের বঙ্গবন্ধু অ্যাভিনিউর কুয়াইশ অংশে চট্টগ্রাম-কাপ্তাই সংযোগস্থলে এলিভেটেড এক্সপ্রেসওয়েসহ ছয়টি প্রকল্পের উদ্বোধন করতে গিয়ে একথা বলেন তিনি।

দলীয় নেতাকর্মীদের সংগঠন শক্তিশালী করার আহ্বান জানিয়ে আওয়ামী লীগ সভানেত্রী বলেন, “আবার আসব। এসে বড় জনসভা করব।”

বক্তব্য শেষে নেতাকর্মীদের সঙ্গে কুশল বিনিময় করেন শেখ হাসিনা।

এরপর গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এবং চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আবদুচ ছালামকে সঙ্গে নিয়ে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে নবনির্মিত বঙ্গবন্ধুর ম্যুরালের সামনে দাঁড়িয়ে ছবি তোলেন প্রধানমন্ত্রী।

চট্টগ্রামে জনসভার বিষয়ে জানতে চাইলে মোশাররফ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “জনসভার সময় চট্টগ্রামের নেতারা বসে ঠিক করব। তবে সেটা ১৫ মার্চের ভিতরেই হবে।”

সর্বশেষ ২০১৩ সালের ২৯ অগাস্ট চট্টগ্রামের ফটিকছড়িতে জনসভা করেছিলেন শেখ হাসিনা।

ম্যুরাল দেখে গাড়িতে ওঠার আগে চট্টগ্রাম নগর আওয়ামী লীগ সভাপতি মহিউদ্দিন চৌধুরীর সঙ্গে দলীয় সভানেত্রীর সালাম বিনিময় হয়।

বক্তব্যে শেখ হাসিনা বলেন, “চট্টগ্রামের সার্বিক উন্নয়নে ইতিবাচক অনেক কাজ করেছি। বাকি কাজ করছি। বাংলাদেশের প্রেক্ষাপটে চট্টগ্রাম বাণিজ্যিক রাজধানী। সে হিসেবে চট্টগ্রামকে গড়ে তুলতে রাস্তা-অবকাঠামো নির্মাণ করছি।”

তিনি বলেন, ঢাকা-চট্টগ্রাম চার লেন প্রায় সম্পন্ন। মেঘনা গোমতি ধলেশ্বরীতে উন্নত সেতু হচ্ছে, যাতে চট্টগ্রামে আসতে কম সময় লাগে।

“ঢাকা-চট্টগ্রাম দ্বিতীয় রেল লাইন করেছি। কক্সবাজার পর্যন্ত রেললাইন করা হবে। চট্টগ্রামকে আমরা অত্যন্ত গুরুত্ব দিই। আরও অনেক প্রকল্প আছে।”

কর্ণফুলী নদীর দূষণ রোধে বিভিন্ন কার্যক্রম হাতে নেওয়া হবে জানিয়ে তিনি বলেন, বন্দর ও চট্টগ্রামের জন্য কর্ণফুলী নদী অত্যন্ত গুরুত্বপূর্ণ। নদীর আরও ড্রেজিং এবং পানি বিশুদ্ধ করাসহ কয়েকটি বিষয়ে আলোচনা চলছে।

কর্ণফুলী নদীতে টানেল নির্মাণের কাজ দ্রুত শুরু হবে বলেও জানান তিনি।

কুয়াইশের অনুষ্ঠান শেষে আগ্রাবাদে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে মহিউদ্দিন চৌধুরীকে উদ্দেশ্য করে শেখ হাসিনা বলেন, মহিউদ্দিন সাহেব টানেলের জন্য আন্দোলন করেছিলেন।

“টানেল করে দিচ্ছি। ওয়ান সিটি টু টাউন হবে।”