কথাসাহিত্যিক ফাহমিদা আমিনের জীবনাবসান
কথাসাহিত্যিক, নারী সংগঠক ও নারীকণ্ঠ পত্রিকার উপদেষ্টা ফাহমিদা আমিন মারা গেছেন।
শুক্রবার ভোরে যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যের টলিডো শহরে চিকিৎসাধীন অবস্থায় ৮১ বছর বয়সে মারা যান তিনি।
ফাহমিদা আমিনের ছেলে মামুন ইবনে আমিন বিডিনিউজ টোয়ন্টিফোর ডটকমকে বলেন, “গত শুক্রবার কার্ডিয়াক অ্যারেস্ট হওয়ার পর আম্মাকে সেখানকার একটি হাসপাতালে লাইফ সার্পোটে রাখা হয়।
“শুক্রবার ভোর সোয়া ৩টার দিকে তিনি মারা যান। সেখানেই বাদ জুমা তার জানাজা হবে। তিনি আমেরিকায় আমার ছোটভাই রেফায়েত আমিনের কাছে ছিলেন। জানাজা শেষে আমেরিকাতেই তার দাফনের বিষয়ে পারিবারিক সিদ্ধান্ত হয়েছে।”
ফাহমিদা আমিন ১৯৩৬ সালের ১৬ জানুয়ারি খুলনায় জন্মগ্রহণ করেন। তার স্বামী প্রয়াত বিজ্ঞানী ড. এম আর আমিন।
এই দম্পতির ছয় ছেলের মধ্যে দ্বিতীয় লেফটেন্যান্ট কর্নেল এনশাদ ইবনে আমিন পিলখানায় বিডিআর বিদ্রোহে নিহত হন।
রম্যসাহিত্যিক হিসেবে পরিচিত ফাহমিদা আমিনের লেখা উল্লেখযোগ্য বইয়ের মধ্যে রয়েছে ‘নিমমধূ’, ‘মনের আঙিনায়’, ‘মৌর ঝুর ঝুর’, ‘করাচি প্রবাসে’, ‘অনিবার্যকারণবশত’, ‘প্রজাপতি রং ছড়ায়’ ইত্যাদি।
১৯৬৮ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে এমএ ডিগ্রি লাভ করেন ফাহমিদা আমিন।
তিনি চট্টগ্রাম লেখিকা সংঘের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। এছাড়া নারীকণ্ঠ পত্রিকার উপদেষ্টা ফাহমিদা আমিন বাংলা একাডেমির আজীবন সদস্য ছিলেন।
