সম্পর্ক আরও গাঢ় হওয়া উচিৎ: ভারতীয় কূটনীতিক
বাংলাদেশ-ভারত সম্পর্ক আরও বেশি বন্ধুত্বপূর্ণ হওয়া উচিৎ বলে মন্তব্য করেছেন চট্টগ্রামে নিযুক্ত ভারতীয় সহকারী হাই কমিশনার সোমনাথ হালদার।
বুধবার বন্দর নগরীর মোটেল সৈকতে দুই দেশের সীমান্তবর্তী ছয়টি জেলা নিয়ে শুরু হওয়া দুই দিনব্যাপী জেলা প্রশাসক পর্যায়ের সম্মেলনে সাংবাদিকদের কাছে এই মন্তব্য করেন তিনি।
সোমনাথ বলেন, “পাশাপাশি দুটি বাড়ির মধ্যে সবসময় ভালো সম্পর্ক নাও থাকতে পারে, তবে আলাপ-আলোচনা চালিয়ে গেলে সমস্যার সমাধান সম্ভব।
“সাংস্কৃতিক সম্পর্ক আরও উন্নয়ন করার সুযোগ আছে। ত্রিপুরা থেকে বিদ্যুৎ আসছে। বাংলাদেশ থেকে লোহা ও খাবার যাচ্ছে। এটা বড় ব্যাপার। আমাদের সম্পর্ক আরও বন্ধুত্বপূর্ণ হওয়া উচিৎ।”
বহু দিনের সীমান্ত সমস্যা সমাধানের পর বাংলাদেশ-ভারত সম্পর্ক এখন আগের যে কোনো সময়ের চেয়ে ঘনিষ্ঠ বলে দুই দেশের সরকারই বলে আসছে।
সোমনাথ হালদার
সোমনাথ বলেন, ‘আমাদের দীর্ঘদিনের ছিটমহল সমস্যা সমাধান হয়েছে। কথাবার্তা চালিয়ে গেলে বিদ্যমান সমস্যাগুলো কাটিয়ে উঠা সম্ভব।”
এই সম্মেলনের মধ্য দিয়ে দ্বি-পক্ষীয় সম্পর্ক আরও দৃঢ় হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
অবৈধ অনুপ্রবেশ ঠেকানো, নারী-শিশু ও মাদক পাচার বন্ধ, সীমান্তে বিজিবি-বিএসএফের যৌথ টহল, সীমান্ত নিরাপত্তায় সড়ক ব্যবস্থাপনা উন্নতকরণ, যৌথ ভূমি জরিপ, অপ্রয়োজনীয় গুলিবর্ষণ এড়ানোসহ বেশ কিছু আলোচ্যসূচি রয়েছে এই সম্মেলনে।
এছাড়া সীমান্ত হাট সম্প্রসারণ ও আন্তঃসীমান্ত অপরাধ কমানোর বিষয়েও সম্মেলনে আলোচনায় অন্তর্ভুক্ত রয়েছে।
সম্মেলনে বাংলাদেশের সীমান্তবর্তী জেলা রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও মৌলভীবাজার এবং ভারতের উত্তর ত্রিপুরা, ধলাই ও উনাকটি জেলা অংশ নিচ্ছে।
সম্মেলনের প্রধান অতিথি চট্টগ্রাম বিভাগীয় কমিশনার রুহুল আমিন বলেন, “সীমান্তে যে সমস্যাগুলোর সম্মুখীন আমরা হই, সেগুলোর সমাধানে পথ খুঁজে বের করাই আলোচনার লক্ষ্য।
“আশা করি আমরা দ্বি-পাক্ষিক সমস্যাগুলো আলোচনার মাধ্যমে সমাধানের একটা পথ খুঁজে বের করে নিতে পারব।”
সম্মেলনে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন খাগড়াছড়ির জেলা প্রশাসক মুহাম্মদ ওয়াহিদুজ্জামান ও ভারতের পক্ষে দলনেতা হিসেবে আছেন উনাকটি জেলার জেলা ম্যাজিস্ট্রেট পি আর ভট্টচার্য।
