২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম আ. লীগের সমস্যা মেটানোর কাজ জানুয়ারি থেকে

চট্টগ্রাম আওয়ামী লীগের অভ্যন্তরীণ সমস্যা মেটানোর কাজ জানুয়ারি থেকে শুরু হবে বলে জানিয়েছেন দলটির চট্টগ্রাম বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম।

মিঠুন চৌধুরী মিঠুন চৌধুরী

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Dec 2016, 07:13 PM

Updated : 12 Apr 2022, 03:35 AM

রোববার চট্টগ্রামে এ বি এম মহিউদ্দিন চৌধুরীর বাসায় এক বৈঠকে জাতীয় নির্বাচনকে সামনে রেখে তিন মাসের মধ্যে দলের অভ্যন্তরীণ সমস্যা মেটানোর কথা বলেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

ওই সভায় দলের মধ্যে বিশৃঙ্খলা-অপকর্ম সংশোধন না হলে প্রশাসনিক ও সাংগঠনিকভাবে দমন করা হবে বলেও নেতাদের সর্তক করেন তিনি।

তবে প্রায় দুই মাস আগে সাধারণ সম্পাদক হিসেবে প্রথম চট্টগ্রাম সফরের সময় তার উপস্থিতিতে সার্কিট হাউজ ও লালদীঘির মাঠে ঘটা দুটি ‘শৃঙ্খলাবিরোধী’ ঘটনায় এখনও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

এদিকে রোববারের সভার পর সেখানে পুলিশ কর্মকর্তাদের উপস্থিতিতে সাংগঠনিক আলোচনা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ সভাপতির অনুপস্থিতি এবং বৃহত্তর চট্টগ্রামে আওয়ামী লীগের সাংগঠনিক পরিস্থিতিসহ নানা বিষয় নিয়ে রাজনৈতিক মহলে আলোচনা চলছে।

দলের অভ্যন্তরীণ সমস্যা নিরসনের বিষয়ে জানতে চাইলে বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শামীম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব-উল আলম হানিফ এবং আমার সাথে সাধারণ সম্পাদকের কথা হয়েছে।

“সামনে জেলা পরিষদ নির্বাচন। জেলা পরিষদ নির্বাচনের পরই জানুয়ারির প্রথম সপ্তাহ থেকে আমরা কাজ শুরু করব। তিন মাস মানে মার্চের মধ্যে এ সংক্রান্ত সব কাজ শেষ করব।”

চট্টগ্রাম জেলার বিষয়ে জানতে চাইলে শামীম বলেন, “চট্টগ্রাম অত্যন্ত উর্বর জায়গা। এখানে এ বি এম মহিউদ্দিন চৌধুরী ও ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের মতো নেতারা আছেন। তাদের সাথে বসেই যা করা দরকার তা করতে পারব বলে আশা রাখি।”

নগর আওয়ামী লীগের রাজনীতিতে নগর কমিটির সভাপতি মহিউদ্দিন চৌধুরী ও সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন দুই বিবদমান পক্ষের নেতৃত্বে আছেন।

রোববার ওবায়দুল কাদের বলেন, “নির্বাচনের দুই বছর বাকি। নিজেদের ভেতর সমস্যাগুলো সমাধান করে ফেলতে চাই। নির্বাচনের জন্য অলআউট প্রিপারেশনে যাচ্ছি।”

মহিউদ্দিন-নাছিরের নানা ইস্যুতে চলমান দীর্ঘদিনের দ্বন্দ্ব আগামী নির্বাচনকে ঘিরে আরও ব্যাপক আকার ধারণ করতে পারে বলেও চট্টগ্রামের রাজনৈতিক মহলে আলোচনা আছে।

সাম্প্রতিক কয়েকটি বিষয়ে ইঞ্জিনিয়ার মোশাররফের সঙ্গে আ জ ম নাছিরের দ্বন্দ্বও প্রকাশ্যে আসে। 

চট্টগ্রাম বিভাগে চট্টগ্রাম জেলা ছাড়াও কয়েকটি জেলায় অভ্যন্তরীণ সমস্যা আছে বলে জানান শামীম।

তিনি বলেন, চট্টগ্রামের পটিয়ায় শুধু না; খাগড়াছড়ি, নোয়াখালীর দুয়েকটি থানা এবং কক্সবাজারে এ সমস্যা আছে। “ইতোমধ্যে আমি চট্টগ্রাম, নোয়াখালী, খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবান জেলায় গেছি। শিগগিরই বাকি জেলাগুলোতেও যাব এবং কাজ শুরু করব।”

শৃঙ্খলা ভঙ্গের দুই ঘটনায় ব্যবস্থা নেই

গত ১২ নভেম্বর দলীয় সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে চট্টগ্রামের লালদীঘি মাঠে সংবর্ধনা দেওয়া হয়।

ওইদিন সকালে সার্কিট হাউজে দলীয় সাধারণ সম্পাদককে ফুল দিতে গিয়ে বিতণ্ডা ও হাতাহাতিতে জড়ায় দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী ও পটিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি রাশেদ মনোয়ারের অনুসারীরা।

বিকালে লালদীঘি মাঠের সংবর্ধনায় একাধিক জ্যেষ্ঠ নেতার বক্তব্যের সময় স্লোগান দেওয়া, ব্যানার-ফেস্টুন প্রদর্শন এবং এক পর্যায়ে চেয়ার ছোড়ার ঘটনাও ঘটে।

এসব ঘটনায় তীব্র ক্ষোভ জানিয়ে ওই সমাবেশে ওবায়দুল কাদের বলেন, “কাউকে ছাড়ব না। দল করলে দলের নিয়ম শৃঙ্খলা মানতে হবে। যারা মানবে না, তাদের দলে থাকার অধিকার নেই।”

সেই হুঁশিয়ারির পর দুই মাস পেরোলেও শৃঙ্খলাভঙ্গের বিষয়ে কারও বিরুদ্ধে কোনো সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়নি।

এ বিষয়ে জানতে চাইলে আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, “চট্টগ্রামের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম ব্যাপারটি দেখছেন। তিনি স্থানীয় নেতাদের সাথে কথা বলে বিস্তারিত তদন্ত করছেন।”

নওফেল চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সভাপতি মহিউদ্দিনের ছেলে। 

এনামুল হক শামীম বলেন, “মাঠের ঘটনার সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দেখা হয়েছে। এটার কোনো রুট ছিল না। চেয়ারে বসাকে কেন্দ্র করেই ঘটনা ঘটেছিল। নারায়ণগঞ্জের নির্বাচন নিয়ে ব্যস্ত ছিলাম। পটিয়ার বিষয়টি দেখা হবে।”

টিপুর অনুপস্থিতি ও অপেক্ষা

রোববারের সভায় চট্টগ্রাম বিশ্ববিদ্যা লয় ছাত্রলীগের সভাপতি আলমগীর টিপুকে আমন্ত্রণ জানানোর পরও অনুপস্থিত ছিলেন।

নওফেল বলেন, “সাধারণ সম্পাদকের নির্দেশে শনিবার রাতে টিপুকে ফোন করি। কিন্তু সে আসেনি।”

চবি ক্যাম্পাসে নিজ বাসায় মারা যাওয়া কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা দিয়াজ ইরফান চৌধুরীর পরিবারের করা হত্যাআমামলায় টিপু আসামি।

দিয়াজের বোন জুবাইদা সারওয়ার চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের সাথে দেখা করার চেষ্টা করছি। উনার শিডিউল পাওয়া গেলে দেখা করব।

“দ্বিতীয় ময়নাতদন্তের (দিয়াজের লাশের) প্রতিবেদন এখনও পাইনি। অপেক্ষায় আছি।”

চট্টগ্রাম আওয়ামী লীগের এক জ্যেষ্ঠ নেতা বলেন, “সাধারণ সম্পাদক শৃঙ্খলার বিষয়ে খুব কঠোর। টিপুকে আমন্ত্রণ জানানোর পরও সে আসেনি। এ বিষয়ে কী ব্যবস্থা নেওয়া হয়, তা দেখার অপেক্ষায় আছি।”

পুরনো খবর:

ছাত্রলীগ মেরামতে চট্টগ্রামে কাদের
ওবায়দুল কাদেরের উপস্থিতিতে চট্টগ্রামে আ. লীগের দুপক্ষে হাতাহাতি
আ. লীগে ‘মৌসুমী পাখির’ দরকার নেই: ওবায়দুল কাদের