২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আ. লীগে ‘মৌসুমী পাখির’ দরকার নেই: ওবায়দুল কাদের

চট্টগ্রামে সংবর্ধনা নিতে গিয়ে ওবায়দুল কাদের বলেছেন, সুসময়ের বন্ধু হিসেবে যারা দলে এসেছেন তাদের তিনি চেনেন এবং এই ‘মৌসুমী পাখিদের’ আওয়ামী লীগে দরকার নেই।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2016, 08:10 PM

Updated : 11 Oct 2022, 09:02 PM

কেউ অপকর্ম করলে ছাড় হবে না বলেও নেতাকর্মীদের হুঁশিয়ার করেছেন ক্ষমতাসীন দলের নতুন সাধারণ সম্পাদক।

শনিবার বিকালে চট্টগ্রামের লালদীঘি মাঠে চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা আওয়ামী লীগ আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন।

অনুষ্ঠানে একাধিক জ্যেষ্ঠ নেতার বক্তব্যের সময় শ্লোগান দেওয়া, ব্যানার-ফেস্টুন প্রদর্শন এবং এক পর্যায়ে চেয়ার ছোড়ার ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন ওবায়দুল কাদের।

নিজের বক্তব্যের শুরুর দিকে শ্লোগান চলতে থাকলে ক্ষুব্ধ ওবায়দুল কাদের বলেন, “শ্লোগান বন্ধ করেন। কাউকে ছাড়ব না। দল করলে দলের নিয়ম শৃঙ্খলা মানতে হবে। যারা মানবে না, তাদের দলে থাকার অধিকার নেই।

“এতো সুশৃঙ্খল পরিবেশ গুটিকয়েক লোক নষ্ট করতে চান। গুটিকয়েকের জন্য গোটা পার্টির বদনাম হতে পারে না। এভাবে দল চলতে পারে না। কারা কারা ‘বসন্তের কোকিল’ দলে অনুপ্রবেশ করেছেন জানি।”

ওবায়দুল কাদের বলেন, “বঙ্গবন্ধু কন্যার দলে কোনো মৌসুমী পাখির স্থান হবে না। দরকার নেই। যখন দুঃসময় আসবে তখন হাজার পাওয়ারের বাতি জ্বেলেও এদের খুঁজে পাওয়া যাবে না।”

চট্টগ্রাম আওয়ামী লীগের নেতাকর্মীদের অভ্যন্তরীণ দ্বন্দ্ব থেকে বেরিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, “তাকান মঞ্চের দিকে। চট্টগ্রামের সবাই আজ এক মঞ্চে। এটাই আওয়ামী লীগ। শপথ নিন- ‘এই ঐক্য বাস্তবে দেখিয়ে ছাড়ব’।

“নেতারা সব এক। কেউ টুকটাক এটা-সেটা করবেন তা হতে দেওয়া হবে না।”

তাকে নয়, জনগণকে খুশি করার দিকে মনোযোগী হতে নেতাদের পরামর্শ দেন ওবায়দুল কাদের।

“আমাকে খুশি করার দরকার নেই। আমার নেত্রী আমাকে খুশি করেছেন। আমার দায়িত্ব জনগণকে খুশি করা। নেতাদের খুশি করে লাভ নেই। অপকর্ম যদি করে থাকেন জনগণের কাছে গিয়ে ক্ষমা চান, ক্ষতি নেই,” বলেন তিনি।

ঈদযাত্রায় ভোগান্তির জন্য জনগণের কাছে ক্ষমা চাওয়ার কথা উল্লেখ করেন সড়ক পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদের।   

“জনগণের কাছে ক্ষমা চাইতে কি লজ্জা আছে? ঈদের সময় আমি চেষ্টা করি, যারা দুর্ভোগে পড়েন তাদের কাছে ক্ষমা চাই। অ্যাকশন শুরু হয়ে গেছে। কাউকে ছাড় দেওয়া হবে না।”

সংবর্ধনা মঞ্চে দাঁড়িয়ে তিনি বলেন, “আজ ফুল নিতে, সংবর্ধনা নিতে আসিনি। বার্তা দিতে এসেছি।

“জানি, ফুলের মালা শুকিয়ে যাবে। কাগজের ফুল ছিঁড়ে যাবে। পোস্টারের ছবি থাকবে না। তোরণের ছবি ভেঙে যাবে, পাথরের ছবি ক্ষয়ে যাবে।

“হৃদয়ে লিখব নাম, সে নাম রয়ে যাবে।”

ওবায়দুল কাদের বলেন, “বার্তা দিতে এসেছি ২০১৯ সালের মধ্যে চট্টগ্রামের ৯০ শতাংশ মানুষ বিদ্যুৎ সংযোগ পেয়ে যাবে। গভীর সমুদ্র বন্দর হবে। সীতাকুণ্ড-কক্সাবাজার আরেকটা মেরিন ড্রাইভ হবে। বিমানবন্দর থেকে বারেক বিল্ডিং পর্যন্ত আরেকটা উড়াল সেতু হবে।”

চেয়ার ছোড়াছুড়ি

অনুষ্ঠানে বিশেষ অতিথি দলের সভাপতিমণ্ডলীর সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের বক্তব্য শুরুর এক মিনিটের মধ্যেই মাঠের মাঝ বরাবর দুই পক্ষ চেয়ার ছোড়াছুড়ি শুরু করে। মাঠে উপস্থিত নেতাকর্মীরা সবাই দাঁড়িয়ে ওই দিকে মনোযোগ দেন।

এসময় অনুষ্ঠানের সঞ্চালক দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক মফিজুর রহমান এবং চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এ কে এম এনামুল হক শামীমকে ডেকে কিছু বলেন ওবায়দুল কাদের। তারা গিয়ে বলেন ইঞ্জিনিয়ার মোশাররফকে। তারপর মোশাররফ ‘জয় বাংলা’ ও শেখ হাসিনার নামে শ্লোগান শুরু করেন।

কিছুক্ষণের মধ্যেই তার শ্লোগানে সবাই গলা মেলালে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

এসময় ইঞ্জিনিয়ার মোশাররফ বলেন, “যারা গোলমাল করছে তারা আমাদের লোক নয়। যারা সংগঠনকে ভালোবাসে তারা ঐক্যবদ্ধ। ‘আমি লীগের’ কোনো স্থান দলে নেই। দলীয় কাঠামোর মধ্যেই কাজ করতে হবে।”

বিকল ৪টার দিকে সভামঞ্চে উঠেই নগর আওয়ামী লীগ সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরীর সঙ্গে আলিঙ্গনাব্ধ হন ওবায়দুল কাদের।

তার সঙ্গে উপদেষ্টামণ্ডলীর সদস্য ইসহাক মিয়া, সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম, খালিদ মাহমুদ চৌধুরী ও মহিবুল হাসান চৌধুরী নওফেল, উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম, উপ-দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়াকে সংবর্ধনা দেওয়া হয়।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ ও দীপু মনি, ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, উত্তর জেলার সভাপতি নুরুল আলম চৌধুরী, দক্ষিণ জেলার সভাপতি মোসলেম উদ্দিন চৌধুরী ও নগর কমিটির সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন।

উপস্থিত ছিলেন দলের উপদেষ্টামণ্ডলীর সদস্য ড. অনুপম সেন ও ড. প্রণব বড়ুয়া। তাদের দজুনকেও সংবর্ধনা দেওয়া হয়।

এছাড়া মঞ্চে ছিলেন সাংসদ আফসারুল আমিন, এম এ লতিফ, সামশুল হক চেওধুরী, মাহফুজুর রহমান মিতা, দিদারুল আলম, মোস্তাফিজুর রহমান, সাবিহা মুসা ও ওয়াশিকা আয়শা খান এবং নগর মহিলা লীগ সভানেত্রী হাসিনা মহিউদ্দিন।