প্রাণের আনন্দে সোনালী অতীতে
স্কুলের মাঠে দাঁড়াতেই শৈশবের নাম ধরে কেউ ডাক দেয়, ফিরে তাকাতেই হাসিতে ঝলমল করে ওঠে দুজনেরই মুখ। আলিঙ্গনে জড়িয়ে ভুলতে চান দীর্ঘ অদর্শনের ব্যবধান।
শনিবার সকালে এমনই ছিল ১৮০ বছর বয়সী চট্টগ্রাম কলেজিয়েট স্কুলের মাঠের চিত্র।
পুরনো বন্ধুকে ফিরে পেয়ে সবাই মেতেছেন হাসি-ঠাট্টা, স্মৃতিচারণ আর আড্ডায়।
সকাল ১০টায় অনুষ্ঠান শুরুর নির্ধারিত সময়ের আগেই জড়ো হয়েছিলেন অনেকে। সাবেক ছাত্ররা অধিকাংশই চলে আসেন স্কুলের মাঠে।
নোবেল জয়ী ড. মুহাম্মদ ইউনূসকে ঘিরে ভিড় করে বর্তমান শিক্ষার্থীরা। বাংলাদেশের একমাত্র নোবেলজয়ীর সঙ্গে ছবি তুলতে মেতে ওঠে তারা।
১৮০ বছর পূর্তি অনুষ্ঠানের আয়োজক সংগঠক চট্টগ্রাম কলেজিয়েটসের সভাপতি ও দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক তরুণ সংবাদকর্মীদের সঙ্গে আড্ডা দিচ্ছিলেন। এসময় সেখানে এগিয়ে আসেন বিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী।
তাদের একজন আজাদী সম্পাদকের সঙ্গে সেলফি তোলার কথা বলতেই হাসিমুখে এম এ মালেক বলেন, অবশ্যই। তবে মোবাইলটা অন্য কাউকে দিয়ে আবার সেলফি তুলে দিতে বলো না যেন।
তার এমন কৌতুকে আশেপাশে থাকা সবাই হো হো করে হেসে ওঠে।
এসময় হঠাৎ কে যেন ‘এই ওসমান’ বলে ডাক দেয়। ফিরে তাকাতেই দেখা যায় যাকে ডাকা হচ্ছে তিনি পঞ্চাষোর্ধ্ব একজন। দুজনেই প্রাণখোলা হাসিতে জড়ান আলিঙ্গনে।
কেউ এসেছেন পরিবারের সদস্যদের সঙ্গে, কেউবা বন্ধুদের সঙ্গে নিয়ে।
উৎসব প্রাঙ্গনে দেখা যায়, প্রথম সারিতে বসে পাশের চেয়ারে ব্যাগ রেখে সেটি দখলে রেখেছেন এমন একজন নিজের সহপাঠীকে দেখতেই তাকে টেনে বসালেন সেখানে।
উদ্বোধনী অনুষ্ঠানেও যেন ফিরে ফিরে আসে পুরনো দিনের কথা। আর জীবনের সায়াহ্নে দাঁড়ানো মানুষগুলোর চোখমুখ হেসে ওঠে সোনালী অতীতের কথা শুনে।
১৮০ বছর পূর্তি ও পুনর্মিলন উদযাপন পরিষদের আহ্বায়ক আমীর হুমায়ুন মাহমুদ চৌধুরী বলেন, “এক নারী ফোন করে বললেন- আপনাদের অনুষ্ঠানে আসতে চাই। বললাম- কলেজিয়েটে তো শুধু ছেলেরা পড়েছে। তিনি বললেন- অসুবিধা কি, আমিও আপনাদের সাথে আসতে চাই।”
দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক বলেন, “আমরা সোনালী অতীতে ফিরে যেতে চাই। পুরনো জীবনে ফিরে যেতে চাই। বড় নিষ্কলুশ ছিল সে জীবন।”
ড. মুহাম্মদ ইউনূস বলেন, “প্রতিদিন বক্সিরহাট থেকে স্কুলে আসতাম। গাড়িভাড়া আসা-যাওয়া চার আনা। আর আব্বা অতিরিক্ত চার আনা পয়সা দিতেন। সেই পয়সায় রুটি-মাখন-চা খেতাম। আর কোনোদিন বেশি ফূর্তি হলে হাশেমের রেস্টুরেন্টে চা-সিঙারা খেতাম।
“কত রকম ডাক নাম সৃষ্টি করতাম। এত বছর পরও পরষ্পরকে সে নামেই ডাকি। আসল নামে কেউ কাউকে চেনে না। সেই ছিলাম অকৃত্রিম আমি। তারপর সংসারের প্রয়োজনে অনেক কৃত্রিমতা আসে। তারপর থেকে অভিনয় শুরু, যেন জীবন এক রঙ্গমঞ্চ।”
তিনি বলেন, সেসব আনন্দ জীবনে ছাপ রেখে গেছে। সবচেয়ে মজবুত-গভীর বন্ধুত্ব হয়েছে স্কুল জীবনেই। এ বন্ধুত্ব সারাজীবন চলবে।
অনুষ্ঠানে রাজ্জাকুল হায়দার চৌধুরী, প্রকৌশলী মো. ইব্রাহিম খান, তাহের সোবহান ও আবুল মনসুর নামের চার সাবেক শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়। তারা যথাক্রমে ১৯৪০, ১৯৪৮, ১৯৫২ ও ১৯৫৩ সালে এসএসসি পাস করেছিলেন।
বিকালে হয় আনুষ্ঠানিক স্মৃতিচারণ আর সন্ধ্যায় সাংস্কৃতিক আয়োজনে অংশ নেয় ব্যান্ডদল মাইলস ও অর্থহীন।
