চট্টগ্রাম বিএমএর নেতৃত্বে মুজিব-ফয়সল
বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) চট্টগ্রাম শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ডা. মুজিবুল হক খান ও ডা. ফয়সল ইকবাল চৌধুরী।
নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন সমর্থিত এ পরিষদের প্রার্থীরা ২৩টি পদের সবকটিতেই জয়ী হয়েছেন।
বৃহস্পতিবার দিনব্যাপী ভোটগ্রহণ শেষে রাত ১টায় ফল ঘোষণা করেন বিএমএ চট্টগ্রাম শাখার নির্বাচন কমিশনের আহ্বায়ক ডা. আলাউদ্দিন মজুমদার।
তিনি জানান, এবারের নির্বাচনে চট্টগ্রামের ৪ হাজার ৪৪২ জন ভোটারের মধ্যে ৩ হাজার ৪০০ জন ভোট দিয়েছেন।
সভাপতি পদে মুজিবুল হক খান পেয়েছেন দুই হাজার ১১৯ ভোট; তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নাসির উদ্দিন মাহমুদ পেয়েছেন এক হাজার ১২৭ ভোট।
আর সাধারণ সম্পাদক পদে ফয়সল ইকবাল দুই হাজার ২৬৮ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আ ম ম মিনহাজুর রহমান পান ৯৫৯ ভোট।
সহ-সভাপতি পদে মুজিব-ফয়সাল পরিষদের মনোয়ারুল হক শামীম দুই হাজার ৩৫৮ ভোট এবং মো. সেলিম চৌধুরী এক হাজার ৯৮১ ভোট পেয়ে জয়ী হয়েছেন।
প্রতিন্দ্বন্দ্বী প্যানেলের আবু মনসুর মো. নিজামউদ্দিন খালেদ ও মো. আবদুর রউফ পেয়েছেন যথাক্রমে ৮২৬ ও ৮৪৯ ভোট।
নতুন কমিটির কোষাধ্যক্ষ হয়েছেন মো. আরিফূল আমিন। তিনি পেয়েছেন দুই হাজার ৪২৫ ভোট। তার প্রতিন্দ্বন্দ্বী নাছির-মিনহাজ পরিষদের মো. সেলিম পেয়েছেন ৭১৯ ভোট।
যুগ্ম সম্পাদক পদে দুই হাজার ১৭৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন রবিউল করিম; প্রতিন্দ্বন্দ্বী মেজবাহ উদ্দিন আহমদ পেয়েছেন ৯০০ ভোট।
সাংগঠনিক সম্পাদক পদে জিতেছেন এসএম মুইজ্জুল আকবার চৌধুরী। তার দুই হাজার ৫৭৭ ভোটের বিপরীতে নাছির-মিনহাজ পরিষদের বিপ্লব পালিত পেয়েছেন ৫৯৭ ভোট।
বিজ্ঞান বিষয়ক সম্পাদক পদে দুই হাজার ৫৭৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন নুর হোসেন শাহিন। সৌমেন পালিত ৬১৭ ভোট পেয়ে এ পদে হেরেছেন।
দপ্তর সম্পাদক হয়েছেন আবুল হোসেন শাহীন, তার ভোট দুই হাজার ৩৪১। প্রতিন্দ্বন্দ্বী ধীমান বড়ুয়া পেয়েছেন ৭৮৭ ভোট।
প্রচার ও জনসংযোগ পদে এসেছেন ডা. প্রনয় কুমার দত্ত, পেয়েছেন দুই হাজার ২২০ ভোট। নাছির-মিনহাজ পরিষদের প্রার্থী অজয় দাশ পেয়েছেন ৮৫৬ ভোট।
এর বাইরে সমাজকল্যাণ, সংস্কৃতি ও বিনোদন এবং গ্রন্থাগার ও প্রকাশনা সম্পাদক পদেও জয় পেয়েছে মুজিব-ফয়সাল পরিষদ।
সবগুলো পদে পরাজিত নাছির-মিনহাজ পরিষদকে সমর্থন দিয়েছিলেন নগর আওয়ামী লীগ সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরী। দুটি প্যানেলই নিজেদের স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) মনোনীত বলে দাবি করেছিল।
বিএনপি সমর্থিত ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) বর্জনের ঘোষণার মধ্যে বৃহস্পতিবার সারাদেশের চিকিৎসকরা বিএমএ নির্বাচনে ভোট দেন।
কমিউনিস্ট পার্টি সমর্থিত ডক্টরস ফর হেলথ অ্যান্ড এনভায়রনমেন্টের প্রার্থীদের পরাজিত করে স্বাচিপের জালাল-এহতেশাম পরিষদ কেন্দ্রের সব কটি পদ জিতে নিয়েছে।
