২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে চিকিৎসকদের নেতৃত্বের লড়াইয়ে সরকারদলীয় দুই প্যানেল

সরকারদলীয় দুটি প্যানেলের প্রতিদ্বন্দ্বিতার মধ্যে আলোচনায় থাকা বিএমএ চট্টগ্রাম শাখার নির্বাচনে ভোটগ্রহণ চলছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Dec 2016, 02:24 PM

Updated : 11 Oct 2022, 09:28 PM

বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টা থেকে নগরীর ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ভোটগ্রহণ শুরু হয়।

বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) নির্বাচনে কেন্দ্রীয়ভাবে সরকারদলীয় চিকিৎসকদের সংগঠন স্বাচিপের একটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করলেও চট্টগ্রাম শাখায় অংশ নিচ্ছে দুটি প্যানেল।

নির্বাচনে ডা. নাছির উদ্দিন মাহমুদ ও ডা. আ ম ম মিনহাজুর রহমান এবং ডা. মুজিবুল হক ও ডা. ফয়সল ইকবাল পরিষদের ব্যানারে স্বাচিপের দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে।

নাছির-মিনহাজ প্যানেলকে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি সাবেক সিটি মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী এবং মুজিব-ফয়সল পরিষদে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বর্তমান মেয়র  আ জ ম নাছির উদ্দিন সমর্থন দিয়েছেন।

বিএনপিপন্থি ড্যাব (ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ) নির্বাচন বর্জনের মাধ্যমে আওয়ামী রাজনীতিতে একে অপরের প্রতিদ্বন্দ্বী হিসেবে পরিচিত চট্টগ্রামের এই দুই নেতা দুই প্যানেলে সমর্থন দেওয়ায় তাদের মর্যাদা রক্ষায় লড়াইয়ে পরিণত হয়েছে।

নগরীর জিইসি মোড়ে বিএমএ ভবনের বদলে এবারে  প্রথমবারের মতো ভোট নেওয়া হচ্ছে জামাল খান এলাকার ডা. খাস্তগীর সরকারি বালিকা স্কুলে।

ভোটগ্রহণ শুরু হওয়ার পর থেকেই মিনহাজ-নাছির ও মুজিব-ফয়সল পরিষদের সমর্থকরা ভোট কেন্দ্রের বাইরে অবস্থান নিতে দেখা যায়।

দুই পক্ষের অবস্থানের কারনে এই সময় জামালখান সড়কে যান চলাচল সীমিত হয়ে পড়ে। উভয় পক্ষের কর্মীদের অবস্থানের সময় পথচারীদের মধ্যে ভীতিরও সঞ্চার করে।

জানতে চাইলে নাছির-মিনহাজ পরিষদের সাধারণ সম্পাদক প্রার্থী ডা. আ ম ম মিনহাজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গত বিএমএ নির্বাচনের চেয়ে এবারে পরিবেশ ভাল ভোটকেন্দ্রের ভেতরে বহিরাগতদের অবস্থান রয়েছে। এ নিয়ে আমাদের উদ্বেগ রয়েছে।”

অপর প্যানেলের সভাপতি প্রার্থী ডা. মুজিবুল হক খান বলেন, “নির্বাচন সুষ্ঠু হচ্ছে। চিকিৎসক সমাজের কাছে আমার করা অঙ্গীকার বাস্তবায়ন করায় আমরা জয়ী হবার ক্ষেত্রে আশাবাদী।”

বিএমএ চট্টগ্রাম শাখার নির্বাচনে এবারে ভোটার সংখ্যা চার হাজার ৪৯২টি। সকাল সাড়ে ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।

নির্বাচন কমিশনের আহ্বায়ক ডা. আলাউদ্দিন মজুমদার বলেন, “সুষ্ঠুভাবে ভোট গ্রহণ চলছে। আশা করছি শেষ পর্যন্ত সব ঠিকভাবে হবে। ”