চট্টগ্রামে ছাত্রলীগ নেতা নাছিম হত্যায় গ্রেপ্তার ১
চট্টগ্রামে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ে ছুরিকাঘাতে ছাত্রলীগ নেতা নাছিম আহমেদ সোহেলকে হত্যায় জড়িত অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার সন্ধ্যায় নগরীর খুলশী থানার আলফালাহ গলি থেকে বাদশা সোলায়মানকে (২৬) গ্রেপ্তার করা হয় বলে মামলার তদন্ত কর্মকর্তা ও চকবাজার থানার এসআই হুমায়ন কবির জানান।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সোহেল ছুরিকাঘাতকারী সোহানের ঘনিষ্ঠ বন্ধু বাদশা। সে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী না হয়েও ঘটনার দিন সোহানের সাথে গিয়েছিল। ‘যে কোনো পরিস্থিতি’ সামাল দিতে সে ভবনের নিচে ছিল।”
এসআই হুমায়ন বলেন, “মামলায় বাদশার নাম না থাকলেও তদন্তে ঘটনার সাথে তার সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে।”
গত এ হত্যাকাণ্ডে জড়িত অভিযোগে এর আগে ২৪ জুন মো. আসিফ ওরফে লেদু (২৬) নামে অপর এক যুবককে গ্রেপ্তার করে পুলিশ।
তাকে গ্রেপ্তারের পর পুলিশ জানিয়েছিল, সংঘর্ষের সময় ব্যাগে করে অস্ত্র নিয়ে আসিফ ক্যাম্পাসে প্রবেশ করেছিলেন এবং ভিডিও ফুটেজেও তাকে দেখা গেছে।
আসিফ এই হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছে বলেও জানান তদন্ত কর্মকর্তা হুমায়ন।
গত ২৯ মার্চ চট্টগ্রামের প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের ওয়াসা মোড় ক্যাম্পাসে দুই পক্ষের সংঘর্ষের মধ্যে ছুরিকাঘাতে প্রাণ হারান ছাত্রলীগের চট্টগ্রাম নগর কমিটির উপ-সম্পাদক সোহেল। এমবিএ প্রথম সেমিস্টারের ছাত্র সোহেল সিটি মেয়র আ জ ম নাছিরের অনুসারী ছিলেন বলে ছাত্রলীগ নেতারা জানান।
বিশ্ববিদ্যালয়ের বিবিএ অনুষদের ২৩তম ব্যাচের বিদায় অনুষ্ঠানের নিয়ন্ত্রণ নিয়ে দুই পক্ষ ওই সংঘর্ষে জড়ায় বলে শিক্ষক-শিক্ষার্থীরা জানান।
হত্যাকাণ্ডের পরপর ক্যাম্পাস থেকে পাঁচজনকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন সোহেলের বাবা আবু তাহের বাদী হয়ে গ্রেপ্তার পাঁচজনসহ বিশ্ববিদ্যালয়ের ১৬ শিক্ষার্থীর বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন।
তবে হত্যাকাণ্ডের নয় মাস হলেও ছুরিকাঘাতকারী মো. ইব্রাহীম ওরফে সোহানকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
