আমরা বিশ্বাস করি, তাই পারি: এম এ মালেক
বাংলাদেশের স্বাধীনতায় চট্টগ্রামের মানুষ বিশ্বাসী ছিল বলেই ১৯৭১ সালের ১৭ ডিসেম্বর স্বাধীন বাংলাদেশের ‘প্রথম পত্রিকা’ হিসেবে দৈনিক আজাদী প্রকাশ সম্ভব হয়েছে বলে মনে করেন পত্রিকাটির সম্পাদক এম এ মালেক।
শনিবার রাতে চট্টগ্রাম নগরীর চেরাগী পাহাড়ে সুপ্রভাত স্টুডিও হলে ‘কাল সমকাল’ শিরোনামের কথোপকথন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
চট্টগ্রাম থেকে প্রকাশিত দৈনিক সুপ্রভাত বাংলাদেশ এই অনুষ্ঠানের আয়োজন করে।
১৯৬০ সালের ৫ সেপ্টেম্বর প্রথম প্রকাশিত হয় আজাদী। ১৯৭১ সালে নয়মাস স্বাধীনতা যুদ্ধ শেষে ১৬ ডিসেম্বর বিজয়ের পরদিন ১৭ ডিসেম্বর প্রকাশিত হয় দৈনিক আজাদী। স্বাধীন বাংলাদেশের আজাদীই প্রথম দৈনিক হিসেবে প্রকাশিত হয়েছিল বলে পত্রিকাটির কর্তৃপক্ষের দাবি।
সেই সময়ে পত্রিকা প্রকাশের বিষয়ে অনুষ্ঠানে উপস্থিত এক দর্শক জানতে চাইলে এম এ মালেক বলেন, "আমরা বিশ্বাস করি, তাই পারি। চট্টগ্রাম ১৯৩৩ সালে দেশ স্বাধীন করতে যুদ্ধ করেছিল। তখন ভারত-পাকিস্তান ছিল না। এরপর ১৯৭১ সালেও আমরা যুদ্ধ করেছি।
“১৯৭১ সালের ১৬ ডিসেম্বর যখন শুনলাম দেশ স্বাধীন হয়েছে, তখন বললাম- তাহলে তাড়াতাড়ি পত্রিকা বের করে দাও। আমরা বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করেছি, তাই পেরেছি। পত্রিকা প্রকাশে খুব বেশি কষ্ট করতে হয়নি।”
দ্রুত বেশি সংখ্যায় পত্রিকা ছাপানোর জন্য একটু ছোট আকারের পত্রিকা ছাপানো হয়েছিল বলেও জানান সেসময় পত্রিকাটির ব্যবস্থাপনা সম্পাদক এম এ মালেক।
পাঠকের ‘প্রত্যাশার কাছাকাছি’ পূরণ করতে পেরেছে বলেই আজাদীকে পাঠক আজও ‘খুব ভালোবাসে’ বলে মনে করেন এম এ মালেক।
তিনি বলেন, “পাঠকের প্রত্যাশার কাছাকাছি থাকতে না পারলে পাঠক সরে যাবে। প্রত্যাশার সম্পূর্ণ পূরণ সম্ভব নয়। আমরা হয়ত কাছাকাছি পূরণ করতে পেরেছি।”
৫৭ বছর বয়সী দৈনিক আজাদী প্রকাশের নেপথ্যের কথা তুলে ধরে এম এ মালেক বলেন, “১৯৬০ সালের ৫ সেপ্টেম্বর আজাদী প্রকাশ করেন আমার বাবা ইঞ্জিনিয়ার আবদুল খালেক। ১৯৬২ সালে তিনি মারা যান।
“এরপর আমার দুলাভাই অধ্যাপক খালেদ দায়িত্ব নেন। আমি ছিলাম ব্যবস্থাপনা সম্পাদক। এ কাগজের পেছনে আমি ৪০ বছর লস দিয়েছি। বাবা কিছু জমি রেখে যান, তা ব্যাংকের কাছে বন্ধক রাখি। কখনো কারও কাছ থেকে ধার করিনি।”
১৯৭১ সালের ১৭ ডিসেম্বর প্রকাশিত দৈনিক আজাদী
“৪০ বছর নিজ হাতে সকালে হকারদের কাগজ দিয়েছি। অনেক সময় প্রুফ রিডারের কাজ করেছি। নিউজ করেছি। ছবি তুলেছি। ছয় দফা আন্দোলনের সময় ছবি তুলতে গেলে পুলিশ ধরে নিয়ে যায়।”
এম এ মালেক বলেন, “আমি সমকালে আছি। কিন্তু ইতিহাসে হয়তো কোথাও আমার স্থান হবে না। ইতিহাস খুব কৃপন।
“বাংলাদেশের ইতিহাস এখন একেক জন একেক ভাবে লিখছে। একশ বছর পর যে ইতিহাস লেখা হবে তা হবে সত্যিকারের।”
সংবাদকর্মীদের ‘সত্যনিষ্ঠ’ হওয়ার আহ্বান জানিয়ে আজাদী সম্পাদক এম এ মালেক বলেন, নীতি-নৈতিকতা সম্পূর্ণ সংবাদকর্মীর ওপর। চট্টগ্রামে কিছু লোক আছে যারা ছবি ছাপানোর জন্য আলোকচিত্রীদের টাকা দেন। সেই ছবি ছাপাও হয়।
অনুষ্ঠানে আলোচনায় অংশ নেন কুমিল্লা সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মাহবুবুল হক, কবি ও সাংবাদিক আবুল মোমেন, দৈনিক সুপ্রভাত বাংলাদেশের সম্পাদক রুশো মাহমুদ এবং কবি ও সাংবাদিক কামরুল হাসান বাদল।
উপস্থিত ছিলেন সাংবাদিক অরুণ দাশগুপ্ত, অধ্যাপক গোলাম মোস্তফা, অধ্যাপক হোসাইন কবির, প্রকৌশলী দেলোয়ার মজুমদার ও সংস্কৃতিকর্মী শাহরিয়ার খালেদ।
