২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

স্বাধীনতার ইতিহাস নিয়ে ‘প্রোপাগান্ডা’ চলছে: আমীর খসরু

বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস নিয়ে এখন ‘প্রোপাগান্ডা’ চলছে বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস‌্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Dec 2016, 09:53 PM

Updated : 20 Aug 2022, 02:29 PM

মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতির জন‌্য বিএনপিকে দায়ী করে আওয়ামী লীগ নেতাদের বক্তব‌্যের প্রেক্ষাপটে বৃহস্পতিবার বন্দর নগরীর নাসিমন ভবনে দলীয় কার্যালয়ে বিজয় দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় এই দাবি করেন তিনি।

আমীর খসরু বলেন, “দেশে এখন স্বাধীনতার ইতিহাস নিয়ে যেটা হচ্ছে সেটা প্রকৃত ইতিহাস নয়, সেটা প্রোপাগান্ডা। স্বাধীনতার প্রকৃত ইতিহাস রচনা করা হচ্ছে না।

“যেদিন প্রোপাগান্ডা রচনা শেষ হবে, সেদিনই ইতিহাস রচনা শুরু হবে।”

বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে ‘স্বাধীনতার ঘোষক’ দাবি করে তিনি বলেন, “কিন্তু সেটা এখন আবার আইন করে বন্ধ করে দেওয়া হচ্ছে। শহীদ জিয়া স্বাধীনতা ঘোষণা করেন, সেটা বললে নাকি মামলা হবে।  

“ইতিহাসের নামে আজ সকাল-বিকাল গল্প শোনানো হচ্ছে। কিন্তু সময় মতো জনগণ মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে পারবে।”

আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনায় দেশ পরিচালনা করছে না দাবি করে আমীর খসরু বলেন, “মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট ছিল গণতন্ত্র, মানুষের ভোটাধিকার অর্জনের জন্য। কিন্তু দুঃখের বিষয় এখন আবার দেশে আন্দোলন করতে হচ্ছে গণতন্ত্র, ভোটাধিকার, মানবাধিকার ফিরিয়ে আনার জন্য।”

আলোচনা সভার সভাপতি চট্টগ্রাম নগর বিএনপির সভাপতি শাহাদাত হোসেন বলেন, “যতই মামলা নির্যাতন হোক শহীদ জিয়াউর রহমানই স্বাধীনতার ঘোষক, এটাই প্রকৃত সত্য। আজ স্বাধীনতার মহান সেই ঘোষক জিয়াউর রহমানের কবর সরিয়ে ফেলার ষড়যন্ত্র করা হচ্ছে। কিন্তু জনগণ তা প্রতিহত করবে।”

সভায় নগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, বিএনপি নেতা মোহাম্মদ মিয়া ভোলা, এম এ আজিজ, সামসুল আলম, এস এম সাইফুল আলম, হারুন জামান, শেখ নুরুল্লাহ বাহার, এস্কান্দর মির্জা, আবুল হাশেম, শফিকুর রহমান স্বপন, ইয়াসিন চৌধুরী লিটন বক্তব‌্য রাখেন।