আনসারুল্লাহর মুসআব তৃতীয় দফা রিমান্ডে
চট্টগ্রামের সীতাকুণ্ড থেকে গ্রেপ্তারের পর কারাগারে থাকা আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য মুসআব ইবনে উমাইরকে বাকলিয়া থানার একটি মামলায় ফের তিন দিনের রিমাণ্ডে পেয়েছে পুলিশ।
চট্টগ্রাম মহানগর হাকিম আবু ছালেহ মোহাম্মদ নোমান বৃহস্পতিবার তাকে রিমান্ডে নেওয়ার এই নির্দেশ দেন।
চট্টগ্রাম নগর পুলিশের সহকারী কমিশনার (প্রসিকিউশন) কাজী সাহাবুদ্দিন আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বাকলিয়া থানার সন্ত্রাস বিরোধী আইনের একটি মামলায় মুসআব এর তিনদিনের রিমাণ্ডের আবেদন করা হলে আদালত তা মঞ্জুর করেন।
এর আগে গত জুলাই ও সেপ্টেম্বর মাসে পতেঙ্গা থানার সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় দুই দফায় রিমান্ডে নেওয়া হয়েছিল মুসআবকে।
গত ১০ জুলাই সীতাকুণ্ড থানার বাড়বকুণ্ড এলাকা থেকে মুসআবসহ নিষিদ্ধ সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের চার সদস্যকে গ্রেপ্তার করে পুলিশ। ৩১ জুলাই পতেঙ্গা থেকেও আনসারুল্লাহ পাঁচ সদস্যকে গ্রেপ্তার করে পুলিশ।
এরপর ৩১ অগাস্ট বাকলিয়া থেকে নাজিম উদ্দিন ও রোকন উদ্দিন নামের আরও দুই আনসারুল্লাহ সদস্যকে গ্রেপ্তার করে পুলিশ।
তখনই পতেঙ্গা ও বাকলিয়া থেকে গ্রেপ্তারদের সাথে মুসআব ইবনে উমাইর এর সম্পৃক্ততার বিষয়টি জানিয়েছিল পুলিশ।
