শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে চট্টগ্রামে বধ্যভূমিতে আলোক প্রজ্জ্বলন
শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে চট্টগ্রামে বধ্যভূমি এবং কেন্দ্রীয় শহীদ মিনারে আলোক প্রজ্জ্বলন করেছে বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন।
বুধবার সন্ধ্যায় উদীচী শিল্পীগোষ্ঠীর শিল্পীদের কন্ঠে ‘আগুনের পরশমনি ছোঁয়াও প্রাণে’ গানের মধ্য দিয়ে শুরু হয় পাহাড়তলি বধ্যভূমিতে প্রদীপ প্রজ্জ্বলনের অনুষ্ঠান।
এসময় শিশু সংগঠন খেলাঘরের শখানেক শিশু এবং বিভিন্ন বয়সী নারী পুরুষের হাতে হাতে জ্বলে ওঠে মোমবাতি।
আলোচনা অনুষ্ঠানে অংশ নেন উদীচী চট্টগ্রাম জেলা সংসদের সহ-সভাপতি চন্দন দাশ, গেরিলা মুক্তিযোদ্ধা তপন দস্তিদার, খেলাঘর চট্টগ্রাম মহানগরী কমিটির সহ-সভাপতি মাহবুবুল আলম সাবু ও সাংগঠনিক সম্পাদক ইউসুফ সোহেল, জেলা যুব ইউনিয়নের সভাপতি রিপায়ন বড়ুয়া, ছাত্র ইউনিয়ন নেতা গোলাম সরওয়ার, আতিক রিয়াদ ও অটল ভৌমিক।
এর আগে সকালে উদীচী চট্টগ্রাম জেলা সংসদের পক্ষ থেকে চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এদিকে বিকালে নগরীর থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভার আয়াজন করে প্রমা আবৃ্ত্তি সংগঠন।
আলোচনায় বেগম মুশতারী শফি বলেন, “চট্টগ্রাম শহরে ছড়িয়ে ছিটিয়ে থাকা বধ্যভূমিগুলো সংরক্ষণ করা হয়নি। মুক্তিযুদ্ধ ও শহীদদের বেশিরভাগ স্মৃতিচিহ্নই আমরা রক্ষা করতে পারিনি। এ নিয়ে কোনো উদ্যোগও নেই”।
এরপর প্রমাসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা আবৃত্তি পরিবেশন করে। সবশেষে চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে এক মিনিট নিরবতা পালন ও মোমবাতি প্রজ্জ্বলন করা হয়।
