রেলস্টেশনে ধূমপানে ১০ জনকে জরিমানা
চট্টগ্রামে ‘পাবলিক প্লেসে’ সিগারেট বিক্রি ও পানের জন্য কয়েকজন বিক্রেতা ও ধূমপায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
এদের মধ্যে দশজনকে জরিমানা করা হয়েছে রেলস্টেশনে ধূমপানের জন্য। আর তিনজনের জরিমানা হয়েছে নগরীর জিইসি মোড়ে বিক্রির দায়ে।
সোমবার চট্টগ্রাম জেলা প্রশাসন পরিচালিত ওই অভিযানে প্যাকেটে সচিত্র স্বাস্থ্য সতর্কবাণী ছাড়া বিক্রির জন্য রাখা প্রায় ৭০ হাজার টাকার সিগারেট জব্দ করা হয়।
অভিযানের নেতৃত্ব দেওয়া জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাব্বির রেহমান সানি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ‘পাবলিক প্লেসে’ ধূমপান করায় ১০ ব্যক্তিকে ১০০ টাকা করে মোট এক হাজার টাকা জরিমানা করা হয়।
অন্যদিকে বিক্রির জন্য রাখা সিগারেটের প্যাকেটে স্বাস্থ্য সতর্কবাণী না থাকায় প্রায় ৭০ হাজার টাকা সমমূল্যের সিগারেট জব্দ করে ধ্বংস করা হয়।
এ সময় তিন সিগারেট বিক্রেতাকে দেড় হাজার টাকা জরিমানাও করা হয়।
