২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি চট্টগ্রামের সাংবাদিকদের

চট্টগ্রাম প্রেস ক্লাব ও সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় করা মামলা ভিন্নখাতে প্রবাহিত করার জন্য দায়ী পুলিশ কর্মকর্তাদের অপসারণ চেয়ে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি দেওয়া হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Dec 2016, 09:18 PM

Updated : 12 Apr 2022, 03:29 AM

শনিবার দুপুরে চট্টগ্রামের ভারপ্রাপ্ত বিভাগীয় কমিশনার শংকর শংকর রঞ্জন সাহার মাধ্যমে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও পুলিশের মহাপরিদর্শক বরাবরে এ স্মারকলিপি দেয় চট্টগ্রাম প্রেসক্লাব ও চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে)।

একইসাথে প্রেস ক্লাব ও সাংবাদিকদের ওপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জাননো হয় স্মারকলিপিতে।

স্মারকলিপি প্রদানের আগে চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে হামলার প্রতিবাদ এবং সাংবাদিকদের করা মামলা ভিন্নখাতে প্রবাহিত করা দুই পুলিশ কর্মকর্তার অপসারণের দাবিতে সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে সাংবাদিক নেতারা বলেন, চট্টগ্রাম প্রেস ক্লাব ও সাংবাদিকদের ওপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত সাংবাদিকরা ঘরে ফিরে যাবে না।

সাংবাদিক নেতারা সন্ত্রাসী হামলায় দায়ের করা মামলা দ্রুত বিচার আইনের আওতায় এনে সকল অপরাধীদের চিহ্নিত করে তাদের গ্রেপ্তারের দাবি জানান।

সিইউজে সভাপতি রিয়াজ হায়দার চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিএফইউজের সহ-সভাপতি শহীদ উল আলম, চট্টগ্রাম প্রেস ক্লাব সভাপতি কলিম সরওয়ার, সিইউজের সাবেক সভাপতি মোস্তাক আহমেদ, প্রেস ক্লাবের সাবেক সভাপতি আলী আব্বাস, সিইউজের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, প্রেসক্লাব সাধারণ সম্পাদক মহসিন চৌধুরী, সিইউজে সাবেক সাধারণ সম্পাদক হাসান ফেরদৌস, একুশে টেলিভিশনের চট্টগ্রাম আবাসিক প্রধান রফিকুল বাহার বক্তব্য রাখেন।

সমাবেশ শেষে সাংবাদিক নেতারা চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের (ভারপ্রাপ্ত) মাধ্যমে স্মারকলিপি দেন।

গত মঙ্গলবার সন্ধ্যায় সনাতনী সমাজের ব্যানারে একদল উচ্ছৃঙ্খল যুবক চট্টগ্রাম প্রেস ক্লাব ও কর্মরত সাংবাদিকদের ওপর হামলা করে।

এ ঘটনায় প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক চৌধুরী ফরিদ ও স্থায়ী সদস্য রমেন দাশগুপ্ত বাদী হয়ে আলাদা দুটি মামলা করেন। 

পুরনো খবর:

‘চট্টগ্রাম প্রেসক্লাবে হামলার ঘটনা ভিন্ন খাতে নিচ্ছে পুলিশ’