২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জঙ্গি মামলায় ডিবির চূড়ান্ত প্রতিবেদনে নারাজি রাষ্ট্রপক্ষের

চট্টগ্রামে তিন ‘জেএমবি সদস্যের’ বিরুদ্ধে করা বিস্ফোরক আইনের একটি মামলায় পুলিশের দেওয়া চূড়ান্ত প্রতিবেদন বাতিল করে পুনঃতদন্ত চেয়ে আদালতে আবেদন করেছে রাষ্ট্রপক্ষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

চট্টগ্রাম ব‌্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Nov 2016, 10:07 PM

Updated : 20 Aug 2022, 02:20 PM

রোববার চট্টগ্রামের মহানগর দায়রা জজ মো. শাহে নূরের আদালতে এ আবেদন করেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি চট্টগ্রাম মহানগর পিপি ফখরুদ্দিন চৌধুরী।

আদালত গোয়েন্দা পুলিশের দেওয়া চূড়ান্ত প্রতিবেদনের বিষয়ে রাষ্ট্রপক্ষের নারাজি আবেদন গ্রহণ করে এ বিষয়ে শুনানির জন্য আগামী ৮ জানুয়ারি সময় নির্ধারণ করেছেন।

পিপি ফখরুদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আদালতে করা ওই আবেদনে পুনরায় ওই মামলা তদন্তের দায়িত্ব পুলিশ ব্যুরো অব ইনভেশটিগেশন (পিবিআই) বা অন্য কোনো সংস্থাকে দেওয়ার আবেদনও করেছেন তারা।

ওই আসামিদের পুলিশ সুনির্দিষ্ট মামলায় গ্রেপ্তার দেখিয়ে কয়েক দফায় রিমান্ডে নিলেও যথাযথ তদন্ত না করেই তাদের সংশ্লিষ্টতার অভিযোগ প্রমাণিত হয়নি উল্লেখ করে চূড়ান্ত প্রতিবেদন দিয়েছে, অভিযোগ এই আইনজীবীর। 

তিনি বলেন, “এরা কোনো সাধারণ অপরাধী নয়। রাষ্ট্রের স্বার্থেই এ মামলায় আবার তদন্ত হওয়া প্রয়োজন।”

গত বছরের ২৬ ডিসেম্বর চট্টগ্রাম নগরীর নালাপাড়া, কাজীর দেউরী ও কসমোপলিটন এলাকায় অভিযান চালিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ফয়সাল মাহমুদ (২৬) ও শওকত রাসেল (২৬) এবং নাইমুর রহমান নয়নকে (২৫) গ্রেপ্তার করা হয়।

পরে রাসেলের স্বীকারোক্তি অনুযায়ী হাটহাজারী উপজেলার আমান বাজার এলাকায় জেএমবির আঞ্চলিক কমান্ডার ফারদিনের বাসার সন্ধান পাওয়ার কথা জানায় পুলিশ। সেখান থেকে রাইফেল, বিস্ফোরক ও সামরিক পোশাক উদ্ধারের কথাও সাংবাদিকদের জানানো হয়।

এর আগে গত বছরের ৫ অক্টোবর কর্ণফূলী থানার খোঁয়াজনগর নগর এলাকায় অভিযান চালিয়ে একটি বাসা থেকে বিপুল পরিমাণ গ্রেনেড, বোমা তৈরির সরঞ্জামসহ জেএমবির সামরিক কমান্ডার জাবেদকে গ্রেপ্তার করেছিল পুলিশ।

পরদিন ভোরে বায়েজিদ থানার অক্সিজেন এলাকায় পুলিশের গ্রেনেড উদ্ধার অভিযানে জাবেদ বিস্ফোরণে নিহত হন বলে জানানো হয়।

ওই ঘটনায় বায়েজিদ থানায় গোয়েন্দা পুলিশ হত্যা ও বিস্ফোরক আইনে দুটি মামলা করে। চলতি বছরের ৩ জানুয়ারি তিনজনকে মোট পাঁচ দিনের রিমান্ডে নেয় ডিবি।

পরে চলতি বছরের ৩১ মার্চ গোয়েন্দা পুলিশের পরিদর্শক ফিরোজ আলম বায়েজিদ থানার বিস্ফোরক মামলায় চূড়ান্ত প্রতিবেদন দেন। এতে তিন জেএমবি সদস্যের সম্পৃক্ততা এবং নাম-ঠিকানা মেলেনি বলে উল্লেখ করা হয়।

এর আগে গত ২৯ ডিসেম্বর চট্টগ্রাম বিশ্ববিদ‌্যালয়ের উপাচার্য নির্বাহী ক্ষমতাবলে ওই তিন ছাত্রের ছাত্রত্ব বাতিল করেন।

পুরনো খবর:

জেএমবি সন্দেহে গ্রেপ্তার চবির সেই তিন ছাত্র ফের রিমান্ডে
জেএমবি সম্পৃক্ততা: ৩ চবি শিক্ষার্থীর ছাত্রত্ব বাতিল