শীত কড়ানাড়লেও সবজির দাম বেড়েছে চট্টগ্রামে
শীতকালীন সবজির আগমনে দাম কমার প্রত্যাশা থাকলেও উল্টো চিত্র পাওয়া গেছে চট্টগ্রামের কাঁচাবাজারে।
শুক্রবার চট্টগ্রাম নগরীর পাইকারি কাঁচা পণ্যের বৃহত্তম বাজার রিয়াজউদ্দিন বাজার ঘুরে সবজির দাম আরও বাড়তে দেখা গেছে।
রিয়াজউদ্দিন বাজারের সবজির খুচরা বিক্রেতা মো. রাসেল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শীতের নতুন সবজির দাম শুরুতে একটু বেশি থাকে। পরবর্তীতে নাগালের মধ্যে চলে আসে।
রাসেল জানান, শুক্রবার রিয়াজউদ্দিন বাজারে ফুলকপি বিক্রি হয়েছে ৬০ থেকে ৭০ টাকায়, বরবটি ৭০ টাকায়, শিম ৭০ থেকে ৮০ টাকায় বিক্রি হয়েছে।
“এছাড়া ৫০ টাকায় বিক্রি হওয়ার ঢেড়শ শুক্রবার বিক্রি হচ্ছে ৭০ টাকায়। টমোটোর দামও বেড়েছে। সপ্তাহ আগে ৬০ টাকায় বিক্রি হওয়া টমেটো বিক্রি হচ্ছে ৮০ টাকায়। মূলা পাওয়া যাচ্ছে ৫০ টাকায় আর বেগুন মিলছে ৫০ টাকা কেজিতে”।
অন্যদিকে শীতের সবজি বাধাকপি ৫০ টাকা ও দেশি টমোটো ১০০ টাকায় বিক্রি হতে দেখা গেছে রিয়াজউদ্দিন বাজারে।
রিয়াজউদ্দিন বাজারে সপ্তাহের বাজার করতে আসা বেসরকারি চাকরিজীবী হায়দার হুমায়ুন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সরবরাহ ভালো থাকলেও দাম একটু বেশি। বেশি দাম দিয়েই শীতের সবজি খেতে হচ্ছে।
সবজির দাম বাড়লেও স্থিতিশীল আছে মাছ, ব্রয়লার মুরগি ও গরুর মাংসের দাম।
ব্রয়লার মুরগি গত সপ্তাহের দামেই বিক্রি হতে দেখা গেছে। কেজিপ্রতি ১৪০ টাকায় পাওয়া যাচ্ছে ব্রয়লার মুরগি। তবে এক কেজি ওজনের ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৫০ টাকায়।
দেশি মুরগির দামেও কোনো হেরফের হয়নি। দেশি মুরগি পাওয়া যাচ্ছে কেজিপ্রতি ৩৫০ টাকায়।
বরাবরের মত নড়চড় হয়নি মাছেরও দামও। লইট্টা মাছ কেজিপ্রতি ১০০ টাকা, রুই মাছ পাওয়া যাচ্ছে ১৮০ থেকে ২০০ টাকা ও তেলাপিয়া পাওয়া যাচ্ছে ১৫০ থেকে ১৮০ টাকার মধ্যে।
সাগরের টাইগার চিংড়ি পাওয়া যাচ্ছে কেজিপ্রতি ৩৫০ টাকা থেকে ৪০০ টাকায়।
হাঁড়ছাড়া গরুর মাংস পাওয়া যাচ্ছে ৫৫০ টাকায়। আর হাঁড়সহ মিলছে ৪৫০ টাকায়।
