দেশব্যাপী উদীচীর সম্মলনে বাধা দেওয়ার অভিযোগ
সারাদেশে চলমান উদীচী শিল্পীগোষ্ঠীর জেলা সম্মেলনগুলোতে বাধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন সংগঠনটির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক প্রবীর সরদার।
বৃহস্পতিবার সন্ধ্যায় চট্টগ্রাম নগরীর ডিসি হিলে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী চট্টগ্রাম জেলা সংসদের সপ্তদশ জেলা সম্মেলন-২০১৬ এর প্রথম দিনের আলোচনা অনুষ্ঠানে তিনি এ অভিযোগ করেন।
‘আয়রে সবাই রুইখা দাঁড়াই ৭১ এর মতো আবার’ শ্লোগান নিয়ে দুই দিনব্যাপী এ সম্মেলনের উদ্বোধন করেন সঙ্গীতজ্ঞ ওস্তাদ মিহির নন্দী।
আলোচনা অনুষ্ঠানে উদীচীর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক প্রবীর সরদার বলেন, ধানাই পানাই দিয়ে দেশ চালানো যাবে না। সারা দেশে উদীচীর সম্মেলন চলছে। এসব সম্মেলনে বাধা দেওয়া হচ্ছে। সরকার সাম্প্রদায়িক রাজনীতি জিইয়ে রাখতে চেষ্টা করছে।
সংগঠনের সদস্যদের উদ্দেশ্যে প্রবীর সরদার বলেন, “সংঘবদ্ধ হোন। সংবেদনশীলতা ভোতা হয়ে গেলে চলবে না। একাত্তরের পরাজিত শক্তি আজও সক্রিয় আছে। আমরা ঐক্যবদ্ধ হলে তাদের পরাজিত করতে বেশি সময় লাগবে না।”
এর আগে সম্মেলন উদ্বোধনের সময় ওস্তাদ মিহির নন্দী বলেন, যখন বাংলাদেশের মানুষ পাকিস্তানি ঔপনিবেশিক অমানবিক শাসন থেকে মুক্তির সংগ্রাম শুরু করে তখন উদীচীর জন্ম।
অনুষ্ঠানে সাংগঠনিক প্রতিবেদন উপস্থাপন করে জেলা সংসদের সাধারণ সম্পাদক অধ্যাপক শীলা দাশগুপ্তা বলেন, যশোর-নেত্রকোনায় প্রতিক্রিয়াশীলরা প্রথম হামলা করেছিল উদীচীর উপর। কিন্তু উদীচীকে থামিয়ে রাখা যায়নি।
“এই সম্মেলন থেকে জামায়াত-শিবিরের রাজনীতি বন্ধের দাবি জানাচ্ছি। দেশে বিচারহীন সকল ঘটনার বিচার দাবি করছি। আমরা পাহাড়ি-বাঙালি সবাই মিলে মুক্তিযুদ্ধের চেতনার সুন্দর বাংলাদেশ গড়তে চাই।”
আবৃত্তি সমন্বয় পরিষদের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রাশেদ হাসান বলেন, উদীচীর এগিয়ে যাওয়া মানে প্রগতিশীল শক্তির এগিয়ে যাওয়া।
“ব্রাহ্মণবাড়িয়ার মত ঘটনা আজও আমাদের দেখতে হয়। তনু হত্যায় তোলপাড় হয়, তবু ধামাচাপা পড়ে যায়। মন্ত্রীর অশ্লীল শব্দ শুনেও আমরা চুপ থাকি। সবাই বুঝি রাষ্ট্রের কোনো ধর্ম হয় না। তবু কেন চুপ করে থাকি? অসাম্প্রদায়িক একটি রাষ্ট্রের কিভাবে রাষ্ট্রধর্ম থাকে?”
এরআগে জাতীয় পতাকা ও সংগঠনের পতাকা উত্তোলন এবং বাবুল জলদাসের দলের ঢোলবাদনের মধ্য দিয়ে বেলুন উড়িয়ে সম্মেলন উদ্বোধন করা হয়।
উদ্বোধনের পর একটি বর্ণাঢ্য র্যালি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনার হয়ে আবার ডিসি হিলে এসে শেষ হয়।
উদীচী জেলা সংসদের যুগ্ম আহ্বায়ক জয় সেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি চন্দন দাশ, কেন্দ্রীয় সম্পাদকমণ্ডলীর সদস্য কঙ্কন নাগ, কেন্দ্রীয় কমিটির সদস্য সুনীল ধর, গণজাগরণ মঞ্চ চট্টগ্রামের সমন্বয়ক শরীফ চৌহান, গ্রুপ থিয়েটার ফেডারেশনের পক্ষে সাইফুল আলম বাবু।
সম্মেলনের প্রথম দিন শিক্ষাবিদ অধ্যাপক হাসানুজ্জামান চৌধুরী, সাংবাদিক মোহাম্মদ ইউসুফ এবং প্রয়াত লেখক ও সচিব রণজিৎ বিশ্বাসকে সংবর্ধনা দেওয়া হয়।
শুক্রবার চট্টগ্রাম জেলা পরিষদ মিলনায়তনে সাংগঠনিক অধিবেশনে দুই বছরের জন্য নতুন নেতৃত্ব নির্বাচন করা হবে।
