২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দৃষ্টিভঙ্গির পার্থক্য আছে, নেতৃত্বে বিভাজন নেই: নাছির

দুপুরে ‘বন্দর খেয়ে ফেলা ডাকাত’ হিসেবে আ জ ম নাছিরকে আখ্যায়িত করার পর রাতেই তার আন্দরকিল্লার বাসায় গিয়ে ‘সাংগঠনিক বৈঠক’ করেছেন চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Nov 2016, 12:44 AM

Updated : 11 Oct 2022, 09:02 PM

পুরনো খবর:

৪ ডাকাতের কবলে বন্দর: মহিউদ্দিন

আগামী ১২ নভেম্বর দলের নতুন সাধারণ সম্পাদকসহ ১০ নেতাকে নগরীর লালদীঘি মাঠে সংবর্ধনা দিতেই রাতে সাংগঠনিক সভায় বসেছেন বলে চট্টগ্রাম আওয়ামী লীগের শীর্ষ নেতাদের দাবি।

দুপুরে দেওয়া মহিউদ্দিনের বক্তব্যের বিষয়েও ওই বৈঠকে আলোচনা হয়েছে বলে বৈঠকে থাকা নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন জানালেও বিস্তারিত কিছু বলেন নি।

বৈঠকের শেষে এ বিষয়ে মুখ খোলেন নি মহিউদ্দিন চৌধুরীও। বৈঠকের বিষয়ে জানতে চাইলেও সংবাদকর্মীদের কোনো প্রশ্নের জবাব না দিয়ে নাছিরের বাড়ি থেকে বেরিয়ে যান মহিউদ্দিন।

আ জ ম নাছিরে দাবি, সভা ছিল সংবর্ধনা নিয়ে।

তবে প্রশ্ন করা হলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “দৃষ্টিভঙ্গির ভিন্নতা থাকলেও নেতৃত্বে কোনো বিভাজন নেই। বড় সংগঠনে টুকটাক কিছু গ্যাপ থাকতে পারে।”

বুধবার রাতে অনির্ধারিত এই বৈঠকের বিষয়ে দলের পক্ষ থেকে গণমাধ্যমকে কিছুই জানানো হয়নি। কিন্তু নাছিরের বাড়িতে মহিউদ্দিন চৌধুরী যাচ্ছেন এমন খবর পেয়ে নগরীর আন্দরকিল্লায় নাছিরের বাসভবনে সামনে জড়ো হন সংবাদকর্মীরা।

রাত সাড়ে ৮টা থেকে একে একে নগর, উত্তর ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের নেতারা সেখানে আসতে থাকেন।

Image
বৈঠকে আ জ ম নাছির, মহিউদ্দিন চৌধুরী ও চট্টগ্রাম আওয়ামী লীগের অন্যান্য নেতারা

বৈঠকে আ জ ম নাছির, মহিউদ্দিন চৌধুরী ও চট্টগ্রাম আওয়ামী লীগের অন্যান্য নেতারা

রাত ৯টা ১৭ মিনিটে সবার শেষে সিটি মেয়র ও নগর কমিটির সাধারণ সম্পাদক নাছিরের বাসায় উপস্থিত হন সাবেক সিটি মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী।

ওই বাড়িতে ঢুকে বাড়ির পঞ্চমতলায় বৈঠকের জন্য নির্ধারিত স্থানে সংবাদ কর্মীদের উপস্থিতি দেখে কিছুটা উষ্মা প্রকাশ করেন মহিউদ্দিন। সংবাদকর্মীরা কিভাবে বৈঠকের বিষয়ে জানতে পেরেছেন তা নিয়ে মহিউদ্দিনের জেরার মুখেও পড়েন উত্তর ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের শীর্ষ নেতারা।

রাত সাড়ে ৯টায় শুরু হওয়া ওই বৈঠক প্রায় ৪৫ মিনিট ধরে চলে।

বৈঠক শেষে দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন চৌধুরী বলেন, ১২ নভেম্বরের সংবর্ধনা সফল করতে প্রস্তুতি নিতে উত্তর, দক্ষিণ ও নগর কমিটির সভাপতি-সাধারণ সম্পাদকদের নিয়ে এই বৈঠক।

প্রশ্নের জবাবে মোছলেম বলেন, আগে সমন্বয়হীনতা থাকলেও এখন নেই।

এসময় পাশে দাঁড়ানো আ জ ম নাছির বলেন, আওয়ামী লীগ এক এবং অভিন্ন সত্তা হিসেবে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে কাজ করে যাচ্ছে। এটা মুখে বলার দরকার নেই- কাজে প্রমাণ পাওয়া যায়।

পরে উপস্থিত উত্তর জেলা কমিটির সভাপতি নুরুল আলম চৌধুরী ও সাধারণ সম্পাদক এম এ সালাম এবং দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক মফিজুর রহমান ও সভাপতি মোছলেম উদ্দিন চলে যান। 

এরপর সিটি মেয়র আ জ ম নাছিরের কাছে দুপুরে মহিউদ্দিনের করা মন্তব্যের বিষয়ে জানতে চাইলে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দৃষ্টিভঙ্গির ভিন্নতা থাকলেও নেতৃত্বে কোনো বিভাজন নেই। বড় সংগঠনে টুকটাক কিছু ‘গ্যাপ’ থাকতে পারে, এগুলো সব সংগঠনেই থাকে।

“তাই বলে আমাদের মূল নেতৃত্বের মধ্যে কোনো বিভক্তি বিভাজন নেই।”

বন্দর বিষয়ে করা মহিউদ্দিনের মন্তব্য নিয়েও সরাসরি ও বিস্তারিত কিছু বলতে চাননি নাছির।