চট্টগ্রামে মার্কেটে আগুন
চট্টগ্রামের আগ্রাবাদে বিপণি বিতানে লাগা আগুন চার ঘণ্টার চেষ্টায় নিভিয়েছে ফায়ার সার্ভিস।
রোববার দুপুরের দিকে জাহাঙ্গীর মার্কেটে ছয়তলা ভবনের নিচতলায় এ আগুনের সূত্রপাত বলে জানায় চট্টগ্রাম বিভাগীয় ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মো. ইয়াহিয়া।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তিনটি ইউনিটের ১২টি গাড়ি বেলা ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
রাবার ও টায়ার জাতীয় পণ্যে আগুন লাগায় আগুন পুরোপুরি নেভাতে সময় লেগেছে। বেলা ৫টার দিকে দমকল কর্মীরা আগুন পুরোপুরি নেভায়।
ইয়াহিয়া বলেন, “আগুনে ছয়তলা মার্কেটের নিচতলায় আগুন লাগে। দোকানে মজুদ করা টায়ার ও রাবার জাতীয় পণ্যে আগুন লাগায় প্রচণ্ড ধোঁয়ার সৃষ্টি হয়। সে কারণে আগুনের উৎসস্থলের কাছে দমকল কর্মীদের পৌঁছাতে সময় লাগে।”
আগুনে কমপক্ষে তিন থেকে চারটি দোকান পুড়ে গেছে বলে জানান তিনি। ক্ষয়ক্ষতি নিরূপণেও সময় লাগবে বলে তিনি জানান।
