চট্টগ্রামে আ. লীগের দুই পক্ষে সংঘর্ষ, আহত ১
আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্বের জের ধরে চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ সিজিএস কলোনিতে সংঘর্ষে জড়িয়েছে আওয়ামী লীগের দুই পক্ষ।
মঙ্গলবার বিকালে স্থানীয় ২৭ নম্বর দক্ষিণ আগ্রাবাদ ওয়ার্ড কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এইচ এম সোহেল এবং ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সম্পাদক সাইফুল আলম লিমনের অনুসারীদের এই সংঘর্ষে একজন আহত হয়েছেন।
সংঘর্ষকারীদের হাতে অস্ত্র, ‘কিরিচ’ ও লাঠিসোটা ছিল বলে নগরীর ডবলমুরিং থানার ওসি বশির উদ্দিন আহমেদ জানান।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সিজিএস কলোনির ভেতর অবস্থান নিয়েই সমস্যা। আড়াই মাস আগেও দুপক্ষের মধ্যে ঝামেলা হয়। তা নিয়ে মামলাও হয়। একপক্ষের একজন আজ (মঙ্গলবার) এলাকায় ফিরলে তাকে অন্যপক্ষ মারধর করে। দুই পক্ষই ছাত্রলীগ নেতাদের অনুসারী।”
সংঘর্ষে জড়ানো উভয়পক্ষই নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিনের অনুসারী হিসেবে পরিচিত।
সংঘর্ষের সময় হেলমেট পরা, হাতে দা-কিরিচ ও লাঠিসোটাসহ যুবকদের দেখা গেছে। কলোনির ভিতরে দুটি টিনের ঘর কুপিয়ে ক্ষতিগ্রস্ত করা হয়, ভাংচুর করা হয়েছে একটি ঘরে।
এ সময় ফাঁকা গুলির আওয়াজ শোনার কথা জানিয়েছেন কয়েকজন।
ধারাল অস্ত্রের আঘাতে আহত মোহাম্মদ জামশেদকে (২৪) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ফুটপাত ও টেম্পুস্ট্যান্ডের দখল নিয়ে বিরোধ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, “সে রকম কিছু না। ফুটপাত দখলমুক্ত করতে আমি নিজেই মেয়র বরাবর চিঠি দিয়েছি। সিটি করপোরেশনের ম্যাজিস্ট্রেট ফুটপাত দখলমুক্ত করতে ভাসমান ব্যবসায়ীদের সময় বেঁধে দিয়েছেন।
“আমি এখন এলাকার বাইরে। এলাকায় গিয়ে সব জেনে পরে বিস্তারিত বলতে পারব।”
সাইফুল আলম লিমন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তিন মাস আগে আমার ছেলেদের ওপর একবার হামলা হয়। কিছু অ্যালটমেন্ট (বরাদ্দ) ছিল, সেগুলো ছেলেরা বুঝে নিতে আসলে হামলা চালানো হয়।”
এরআগে গত ১৭ ও ১৮ অক্টোবর নগরীর আন্দরকিল্লায় সিটি মেয়র আ জ ম নাছিরের বাসার সামনে নগর ছাত্রলীগের যুগ্ম সম্পাদক ওয়াহিদ রাসেলের অনুসারীদের সঙ্গে সংঘর্ষে জড়ান লিমনের অনুসারীরা।
