মেয়র নাছিরের বাড়ির সামনে ছাত্রলীগের ধাওয়া-ধাওয়ি
চট্টগ্রাম নগরীর নজির আহমদ চৌধুরী সড়কে সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিনের বাড়ির সামনের সড়কে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে ধাওয়া-ধাওয়ি হয়েছে।
সোমবার রাতে এ ঘটনার সময় ওই সড়কে যান চলাচলও বিঘ্নিত হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে। অন্যদিকে পুলিশ বলছে, ধাওয়া-ধাওয়ি নয়, জনসমাগম ‘একটু বেশি’ হয়েছিল।
তবে সেই ‘লোক সমাগম’‘নিয়ন্ত্রণ করতে’ অতিরিক্ত পুলিশ সদস্যদের ঘটনাস্থলে যাওয়ার বিষয়টি স্বীকার করেছেন কর্মকর্তারা।
ছাত্রলীগের নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক নেতা-কর্মী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শশী নামের এক ছাত্রলীগকর্মীকে নিয়ে ওই ঘটনা ঘটে।
এক নেতা বলেন, “শশী কেন্দ্রীয় যুবলীগের উপ-অর্থ সম্পাদক হেলাল আকবর চৌধুরী বাবরের অনুসারী ছিলেন। সম্প্রতি তিনি ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সম্পাদক সাইফুল ইসলাম লিমনের পক্ষে দেন। এরপর লিমনের সমর্থকদের সঙ্গে তার বিভিন্ন সময় বিরোধ হয়।
“সেসব বিরোধ মেটাতে আজ রাতে শশীকে সঙ্গে নিয়ে মেয়রের বাসায় যান লিমন। মেয়রের বাসায় সমঝোতার আলোচনা শেষে বেরিয়ে আসার পর সামনের সড়কে শশীর উপর লিমনের কয়েক সমর্থক হামলা চালায়। তখন তাদের ধাওয়া দেয় লিমন সমর্থকদেরই আরেকটি অংশ।”
এ বিষয়ে নগর পুলিশের সহকারী কমিশনার (কোতোয়ালি অঞ্চল) আবদুর রহিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কোনো ধাওয়ার ঘটনা ঘটেনি।
“লোকজন একত্র হওয়ায় একটু বেশি মানুষের সমাগম হয়ে গিয়েছিল। আমাদের কর্মকর্তারা সেখানে আছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।”
