চট্টগ্রামে আগের দিনের ধাওয়া-ধাওয়ির জেরে সংঘর্ষে ছাত্রলীগ
আগের দিনের ধাওয়া-ধাওয়ির জেরে নগরীর আন্দরকিল্লা এলাকায় এবার গোলাগুলি ও ককটেল বিস্ফোরণের পাশাপাশি দোকান ও গাড়ি ভাংচুর করেছে ছাত্রলীগের দুই পক্ষ।
মঙ্গলবার রাত সাড়ে ৮টা থেকে প্রায় সাড়ে ৯টা পর্যন্ত এ ঘটনা চলার সময় আন্দরকিল্লা, চেরাগী পাহাড়সহ আশেপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ঘটনার জন্য ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সম্পাদক সাইফুল ইসলাম লিমন এবং নগর ছাত্রলীগের যুগ্ম সম্পাদক ওয়াহিদ রাসেলের অনুসারীরা একে অন্যকে দায়ী করছে।
ঘটনার পর পুলিশ আশেপাশের এলাকা থেকে ১১ জনকে আটক করেছে।
এর আগে সোমবার রাতে শশী নামের এক ছাত্রলীগ কর্মীকে নিয়ে নগরীর আন্দরকিল্লা মোড়ের অদূরে নজির আহমদ চৌধুরী সড়কে মেয়র আ জ ম নাছির উদ্দিনের বাসায় যায় সাইফুল ইসলাম লিমন।
সেখান থেকে বের হয়ে আসার পর পূর্ব শত্রুতার জেরে শশীর উপর হামলা চালায় ওয়াহেদ রাসেলের অনুসারীরা।
মঙ্গলবার রাতের ঘটনার বিষয়ে জানতে চাইলে সাইফুল ইসলাম লিমন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চট্টগ্রাম আইন কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাইফুল বারী বাপ্পীর বাসা লক্ষ্য করে কারা যেন গুলি করেছে। এরপর সমস্যার শুরু হয়।
সাইফুল বারী বাপ্পীও লিমনের অনুসারী। তার বাসা আন্দরকিল্লা মোড়ের অদূরে কদম মোবারক মসজিদ গলিতে।
বাপ্পী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গতকাল রাতেও আমার বাসা লক্ষ্য করে গুলি ছোড়া হয়। আজ দুপুরে আবার গুলি ছোড়ে ওয়াহিদ রাসেলের অনুসারীরা।
“এর প্রতিবাদে রাতে সাড়ে ৮টার দিকে আমার অনুসারীরা মিছিল বের করলে ওয়াহিদ রাসেলের ছেলেরা মিছিলে হামলা করে। তারাই দোকানপাট ভাংচুর করেছে। ককটেল ফাটিয়েছে ও গুলি করেছে,” দাবি করেন এই ছাত্রলীগ নেতা।
এ বিষয়ে জানতে ওয়াহিদ রাসেলের মোবাইলে ফোন করা হলে আন্দরকিল্লা ওয়ার্ড ছাত্রলীগের সদস্য মজিবুল হক সুমন বলেন, শশী ও লিমনের অনুসারীরা এসে আন্দরকিল্লা এলাকায় তিনটি অটোরিকশা ও একটি বাস ভাংচুর করে।
“তারা নিজেরাই সব করেছে। রাসেলের ভাইয়ের ছেলেরা কেউ সেখানে ছিল না।”
স্থানীয়রা জানায়, নগর ভবনের সামনে ককটেল বিস্ফোরণের পর উভয় পক্ষের নেতাকর্মীরা লাঠি ও কিরিচ নিয়ে শোডাউন দেয়। এরপর এক পক্ষ ফাঁকা গুলি ছুড়ে চেরাগী পাহাড় মোড়ের দিকে চলে যায়। এসময় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এলাকায় যান চলাচল প্রায় বন্ধ হয়ে যায়।
ঘটনার পর আন্দরকিল্লা, নজির আহমদ সড়ক, নগর ভবনের সামনে ও চেরাগী পাহাড় মোড়ে পুলিশ মোতায়েন করা হয়।
নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার শাহ মো. আবদুর রউফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, লাঠিসোঁটা নিয়ে ঘোরাফেরা করায় ১১ জনকে আটক করে থানায় আনা হয়েছে।
“তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। যারাই জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”
তবে ঘটনায় কারা জড়িত জানতে চাইলে তিনি এ বিষয়ে আর কোনো মন্তব্য করতে রাজি হননি।
