২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হামজা ব্রিগেড: বিস্ফোরক মামলায় অভিযোগ গঠন ১৬ নভেম্বর

চট্টগ্রামের হালিশহরের এক বাড়ি থেকে বিস্ফোরক উদ্ধারের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে করা মামলাটির অভিযোগ গঠনের জন্য ১৬ নভেম্বর দিন নির্ধারণ করেছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

চট্টগ্রাম ব‌্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Oct 2016, 09:05 PM

Updated : 11 Oct 2022, 08:59 PM

পুরনো খবর:

হামজা ব্রিগেডের ১১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র
চট্টগ্রামে বিস্ফোরকের বিপুল মজুদসহ গ্রেপ্তার ৪

এই মামলাটির প্রধান আসামি জঙ্গি সংগঠন হামজা ব্রিগেডের ‘সামরিক শাখার প্রধান’ মনিরুজ্জামান ওরফে ডন।  

রোববার চট্টগ্রাম মহানগর দায়রা জজ মো. শাহে নুরের আদালত মামলাটি চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ নুরুল ইসলাম মানিকের আদালতে স্থানান্তর করেন।

চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. ফখরুদ্দিন চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মামলাটি শুনানির জন্য প্রস্তুত হয়েছে।

“চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে এ মামলার অভিযোগ গঠন করা হবে। ১৬ নভেম্বর শুনানির পরবর্তী সময় নির্ধারণ করা হয়েছে।”

এই মামলার এক পলাতক আসামি পারভেজের খোঁজে আদালতের নির্দেশে পত্রিকায় বিজ্ঞপ্তিও প্রকাশ করা হয়।

মামলাটির ১১ জন আসামির মধ্যে নয় জন গ্রেপ্তার হয়ে কারাগারে, একজন জামিনে এবং একজন পলাতক আছেন বলেও জানান পিপি ফখরুদ্দিন।

২০১৫ সালের ২৮ ফেব্রুয়ারি হালিশহরের বসুন্ধরা আবাসিক এলাকায় কে ব্লকের ১ নম্বর লেইনের ১/১৯ নম্বর বাড়ির দোতলা থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধারের পর এই মামলা করে র‌্যাব।

ঘটনার দিন ওই বাড়ি থেকে গ্রেপ্তার হন কক্সবাজারের পেকুয়া থানার বাসিন্দা ফয়জুল হক, তার বোন রহিমা আক্তার, বোনের ছেলে জায়েদুল্লাহ এবং বাগেরহাটের মোড়লগঞ্জের বাসিন্দা আবদুল হাই।

অভিযোগপত্রে নাম আসা বাকি সাতজন হলেন- হামজা ব্রিগেডের সামরিক কমান্ডার মনিরুজ্জামান ওরফে ডন, আনোয়ার হোসেন, মো. শামসুদ্দিন, রাকিব হাসান, নাসির উদ্দিন খান, পারভেজ এবং ফয়জুলের ছোট ভাই আজিজুল হক।

২০১৫ সালের ১৯ ফেব্রুয়ারি হাটহাজারীতে জঙ্গি সন্দেহে ১২ জনকে গ্রেপ্তার করে র‌্যাব। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে দুই দিন পর বাঁশখালীর পাহাড়ে জঙ্গি আস্তানার সন্ধান পাওয়া যায়। সেখানে গ্রেপ্তার হন আরও পাঁচজন।

এরপর ২৮ ফেব্রুয়ারি হালিশহরের ওই বাসায় পাওয়া যায় বিপুল পরিমাণ বিস্ফোরক।

এই তিনটি ঘটনার সঙ্গে নতুন জঙ্গি দল ‘শহীদ হামজা বিগ্রেড’ এর জড়িত থাকার কথা র‌্যাব কর্মকর্তারা জানতে পারেন ২০১৫ সালের এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে নগরীর কয়েকটি স্থানে অভিযান চালিয়ে পাঁচটি রাইফেল ও পাঁচটি পিস্তলসহ চারজনকে গ্রেপ্তার করার পর।

হালিশহরের ওই বাড়ি থেকে উদ্ধার করা সরঞ্জামের মধ্যে ছিল ৭৬টি বোমা, ২৪ রাউন্ড গুলি, পাইপ বোমা তৈরির জন্য খালি পাইপ ও খালি পানির ফ্লাক্স।

Image
ফাইল ছবি

ফাইল ছবি

Image
ফাইল ছবি

ফাইল ছবি

বিস্ফোরক দ্রব্যের মধ্যে ছিল ৫০ কেজি অ্যালুমিনিয়াম ডাস্ট, ৩৫ কেজি পটাশিয়াম ক্লোরাইড, ১০ কেজি সালফার, আট কেজি সোডিয়াম অ্যামাইড, পাঁচ লিটার নাইট্রোবেনজিন, চার কেজি আর্সেনিক ডি সালফাইড, ২৮০০ গ্রাম অ্যামোনিয়াম নাইট্রেট ও দুই কেজি চারকোল।

এছাড়া ৮৬ জোড়া জাঙ্গল বুট, ৯৭ জোড়া পিটি শু, ৯৬ জোড়া নাইলন বেল্ট ও ১৮৫ জোড়া মোজা পাওয়া যায় ওই বাড়িতে।

বিস্ফোরক উদ্ধারের ওই ঘটনায় র‌্যাব-৭ এর সহকারী পরিচালক এমজি রব্বানি হালিশহর থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলাটি দায়ের করেন। শুরুতে কিছুদিন পুলিশ তদন্ত করলেও পরে র‌্যাবই দায়িত্ব পায়।

চলতি বছরের ১৬ মার্চ র‌্যাব কর্মকর্তা সহকারী পুলিশ সুপার মো. জালাল উদ্দিন আহাম্মদ এ মামলায় ১১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র আদালতে জমা দেন।

আল্লামা লিবদি নামে দুবাইয়ের এক নাগরিক শহীদ হামজা ব্রিগেডকে অর্থায়ন করে বলে র‌্যাবের ভাষ্য।

র‌্যাব কর্মকর্তারা জানান, হালিশহরে বিস্ফোরক মজুদের ঘটনায় গ্রেপ্তার মনিরুজ্জামান ওরফে ডনের মাধ্যমে লিবদি টাকা যোগাচ্ছিলেন। তবে ঠিকানার খোঁজ না পাওয়ায় লিবদিকে এ মামলায় আসামি করা হয়নি।