চট্টগ্রামের চকবাজারে মারামারি
অবৈধ টমটম চালানোর নিয়ন্ত্রণ নিয়ে চট্টগ্রামের চকবাজার এলাকায় যুবলীগের দুই পক্ষের মারামারি হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় চকবাজার কাঁচাবাজার এলাকায় এই মারামারির সময় একটি টমটমও ভাংচুর হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানায়।
চকবাজার থানার ওসি নুরুল হুদা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “অবৈধ টমটম চলাচলের নিয়ন্ত্রণ নিয়ে স্থানীয় টিনু গ্রুপের কর্মীদের সাথে মহিউদ্দিন গ্রুপের কর্মীদের মধ্যে এ ঘটনা ঘটে। এসময় একটি টমটম ভাংচুর হয়।”
ঘটনাস্থলে পুলিশ যাওয়ার আগেই ভাংচুরকারীরা পালিয়ে যায় বলে জানান তিনি।
নিজেকে নগর যুবলীগ নেতা হিসেবে পরিচয় দেওয়া নুরুল মোস্তফা টিনু প্রবাসী কল্যাণমন্ত্রী নুরুল ইসলাম বিএসসির অনুসারী। মো. মহিউদ্দিন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিনের অনুসারী হিসেবে পরিচিত।
আগেও চকবাজার এলাকায় চলাচলকারী অবৈধ টমটমের রুটের টাকা আদায় নিয়ে বিভিন্ন সময়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও ভাংচুরের ঘটনা ঘটেছিল।
ওসি নুরুল হুদা বলেন, “টমটম চলাচল বন্ধ করে দেওয়া হলেও এখন মাঝেমাঝে কয়েকটি টমটম চলাচল করে কাঁচাবাজার এলাকায়। সন্ধ্যায় ওই রুটে টমটম চলাচল করলে নিয়ন্ত্রণ নিয়ে ভাংচুর হয়।”
