অনিয়ম-দুর্নীতি-অব্যবস্থাপনায় লোকসানে আমিন জুট মিল: মহিউদ্দিন
অনিয়ম-দুর্নীতি ও ব্যবস্থাপনার অভাবে চট্টগ্রামের ঐতিহ্যবাহী পাটকল আমিন জুট মিল লোকসানি প্রতিষ্ঠানে পরিণত হয়েছে বলে দাবি করেছেন নগর আওয়ামী লীগ সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী।
বুধবার বিকালে আমিন জুট মিল শ্রমিক কর্মচারী ইউনিয়নের আয়োজনে মিল এলাকায় এক সমাবেশের বক্তব্যে তিনি এ অভিযোগ করেন।
দীর্ঘদিন শ্রমিক আন্দোলনে নেতৃত্ব দেওয়া মহিউদ্দিন বলেন, শ্রমিকদের বিভাজন করে শিল্প কারখানায় উৎপাদন ব্যাহত ও ধ্বংসের চক্রান্ত সহ্য করা হবে না।
“প্রধানমন্ত্রী নিজ উদ্যোগে পাটকল খাতের সংকট নিরসনে এক হাজার কোটি টাকা বরাদ্দ দিয়েছেন। কিন্তু মিল কর্তৃপক্ষের বিভিন্ন অনিয়ম দুর্নীতি ও অব্যবস্থাপনা মাধ্যমে আমিন জুট মিলকে লোকসানি প্রতিষ্ঠানে পরিণত করা হচ্ছে।”
মহিউদ্দিন বলেন, শ্রমিকরা উৎপাদন ক্ষমতার চেয়ে বেশি উৎপাদন করছে। এরপরও শ্রমিকদের পাঁচ সপ্তাহের মজুরি, কারো দুই মাসের বেতন বাকি। পিএফ লোন, অবসরপ্রাপ্ত শ্রমিক কর্মচারীদের টাকা ও গ্রাচ্যুইটি দেওয়া হচ্ছে না।
“শ্রমিক-কর্মচারীদের পদ্দোন্নতি এবং শ্রমিকদের মধ্যে সৃষ্ট অসন্তোষ নিরসন করতে হবে। উৎপাদন বাড়ানোর জন্য টেকসই যন্ত্রাংশ ও ভালো মানের পাট কিনতে হবে।”
শ্রমিকদেরও সর্তক থাকার আহ্বান জানিয়ে মহিউদ্দিন বলেন, কিছু সুবিধাবাদী লোক শ্রমিক কর্মচারীদের মধ্যে অনৈক্য সৃষ্টি করছে। তারা ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়। সাবধান থাকতে হবে।
নগরীর ষোলশহর এলাকায় ৭৯ একর জমির উপর ১৯৫৪ সালে আমিন জুট মিল প্রতিষ্ঠিত হয়। ১৯৭২ সালে এটি বাংলাদেশ পাটকল করপোরেশনের অধীনে আসে।
আমিন জুট মিলে প্রায় সাড়ে তিন হাজার শ্রমিক আছে। অধিকাংশ শ্রমিককে সপ্তাহ ভিত্তিতে মজুরি দেওয়া হয়।
বকেয়া মজুরির দাবিতে শ্রমিকরা গত অগাস্ট মাসে কয়েক দফায় কারখানার সামনে চট্টগ্রাম-হাটহাজারী সড়ক ও কারখানা সংলগ্ন রেললাইন অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে।
বুধবার শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক মফিজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন শ্রমিক নেতা আবু তৈয়ব। বক্তব্য রাখেন নগর আওয়ামী লীগ সহ-সভাপতি খোরশেদ আলম সুজন, নগর আওয়ামী লীগের কার্য নির্বাহী সদস্য মো. ইয়াকুব, মহব্বত আলী খান, নগর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক কাজী মাহবুবুল হক চৌধুরী এটলি ও নগর যুবলীগ যুগ্ম আহ্বায়ক ফরিদ মাহমুদ।
