বকেয়া মজুরি চেয়ে আমিন জুট মিল শ্রমিকদের ফের অবরোধ
বকেয়া মজুরি পরিশোধের দাবিতে চার দিনের মধ্যে দ্বিতীয় দফায় সড়ক অবরোধ করেছে চট্টগ্রামের আমিন জুট মিলের শ্রমিকরা।
বুধবার বেলা ২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত নগরীর আতুরার ডিপোর কাছে মিলগেইট সংলগ্ন সড়ক এবং চট্টগ্রাম-নাজিরহাট রেললাইন অবরোধ করে শ্রমিকরা।
আমিন জুট মিল সিবিএ সভাপতি মোহাম্মদ ইসলাম সোনা মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আট সপ্তাহের মজুরি বকেয়া আছে। মিল কর্তৃপক্ষ আগামী সোম-মঙ্গলবার পর্যন্ত সময় চেয়েছে।
বকেয়া পরিশোধের দাবিতে গত রোববারও সড়ক অবরোধ করেছিল শ্রমিকরা।
মোহাম্মদ ইসলাম সোনা মিয়া বলেন, “রোববারও শ্রমিকরা সড়কে নেমে আসে। তখন মিল কর্তৃপক্ষ আজ মজুরি পরিশোধের কথা দিয়েছিল। কিন্তু দেয়নি। দেখা যাক, এবার কি হয়।”
আমিন জুট মিলের প্রায় সাড়ে তিন হাজার শ্রমিকের মধ্যে এক হাজার শ্রমিকের মজুরি বকেয়া বলে জানান সোনা মিয়া।
বাংলাদেশ পাটকল করপোরেশনের (বিজেএমসি) পরিচালনাধীন চট্টগ্রামের আমিন জুট মিলস্ লিমিটেডের শ্রমিকদের সপ্তাহ ভিত্তিতে মজুরি পরিশোধ করা হয়।
শ্রমিকদের সড়ক অবরোধের কারণে নাজিরহাটমুখী ডেমু ট্রেন এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেন আটকা পড়ে। সড়ক অবরোধের কারণে ওই এলাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
বায়েজিদ থানার ওসি মো. মহসিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ট্রেন লাইন এবং মুরাদপুর-অক্সিজেন সড়ক অবরোধের কারণে দুই ঘণ্টা বন্ধ ছিল।
“শ্রমিকদের আট সপ্তাহের মজুরি বকেয়া। আগামী সপ্তাহে দুই সপ্তাহের মজুরি পরিশোধ করবে বলে মিল কর্তৃপক্ষ আশ্বাস দিয়েছে। এরপর শ্রমিকরা অবরোধ তুলে নেয়।”
