২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মজুরি নিয়ে জটিলতা, রাস্তায় আমিন জুট মিলের শ্রমিকরা

সাপ্তাহিক মজুরি নিয়ে জটিলতা তৈরি হওয়ায় সড়ক ও রেলপথ আটকে বিক্ষোভ দেখিয়েছেন চট্টগ্রামের আমিন জুট মিলের কয়েকশ শ্রমিক।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Aug 2016, 07:36 PM

Updated : 11 Oct 2022, 08:38 PM

রোববার বেলা ২টা থেকে এক ঘণ্টা নগরীর আতুরার ডিপোর কাছে মিলগেইট সংলগ্ন সড়ক ও চট্টগ্রাম-নাজিরহাট রেললাইন অবরোধ করেন তারা। এসময় শ্রমিকরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়মুখী একটি শাটল ট্রেনও আটকে দেন।

শ্রমিকরা জানিয়েছেন, মিল কর্তৃপক্ষ গত রোববার তাদের আগের সপ্তাহের মজুরির চেক দেয়। তারা সেসব চেক নির্ধারিত পাঁচটি ব্যাংকে জমাও দেন। কিন্তু ত্রুটির কারণে দুটি ব্যাংকের হিসাবে শ্রমিকদের টাকা জমা হয়নি।

আমিন জুট মিল সিবিএ সভাপতি মোহাম্মদ ইসলাম সোনা মিয়া বলেন, জনতা, সোনালী, ডাচ-বাংলা, ইসলামী ও এনসিসি ব্যাংকের মাধ্যমে শ্রমিকদের সাপ্তাহিক মজুরি পরিশোধ করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “চেক জমা দিলেও এনসিসি ও ইসলামী ব্যাংকের একাউন্টধারী এক হাজারের বেশি শ্রমিকের টাকা রোববার পর্যন্ত জমা হয়নি। একারণে তারা সড়ক ও রেলপথ অবরোধ করেন।”

এছাড়া আগের সাত সপ্তাহের মজুরিও বকেয়া রয়েছে দাবি করেন তিনি।

বায়েজিদ থানার ওসি মোহাম্মদ মহসিন জানান, মিল কর্তৃপক্ষ ও ব্যাংক দুটির সঙ্গে আলোচনা করে শ্রমিকদের মজুরি পরিশোধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়ায় তারা অবরোধ তুলে নেন।