জীবিত শিশুকে মৃত্যুসনদ: তদন্ত প্রতিবেদন জমা
চট্টগ্রামের বেসরকারি হাসপাতাল সিএসসিআর এ জীবিত নবজাতককে মৃত ঘোষণার আলোচিত ঘটনার তদন্ত শেষ করেছে জেলা সিভিল সার্জন গঠিত কমিটি।
রোববার দুপুরে কমিটির সদস্যরা সিভিল সার্জন ডা. আজিজুর রহমান সিদ্দিকীর কাছে প্রতিবেদন জমা দেন। তবে প্রতিবেদনে কী বলা হয়েছে, তা প্রকাশ করেননি তিনি।
সিভিল সার্জন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কমিটি সিলগালা অবস্থায় প্রতিবেদন জমা দিয়েছে। ওই অবস্থায় প্রতিবেদনটি ঢাকায় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) বরাবর ঢাকায় পাঠানো হয়েছে।”
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের নির্দেশে তদন্ত কমিটি করা হয়েছিল বলে প্রতিবেদনের বিষয়ে আর কিছু বলতে চাননি তিনি।
গত সোমবার রাতে নগরীর প্রবর্তক মোড় এলাকায় বেসরকারি হাসপাতাল সিএসসিআর এক চিকিৎসক দম্পতির শিশু জন্মের দুই ঘণ্টা পর তাকে মৃত ঘোষণা করে মৃত্যুসনদ দেয় হাসপাতাল কর্তৃপক্ষ।
পরে ওই নবজাতকের মা দন্ত চিকিৎসক রিদওয়ানা কাউসার শিশুটি নড়াচাড়া দেখেন। এরপর নবজাতকটিকে নগরীর অন্য একটি বেসরকারি হাসপাতাল ম্যাক্সে এ নিয়ে যায়। তবে শিশুটিকে বাঁচানো যায়নি, বুধবার তার মৃত্যু ঘটে।
শিশুটির পরিবারের পক্ষ থেকে সিএসসিআর হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে অবহেলার অভিযোগ আনা হলে নবজাতকটি মারা যাওয়ার কয়েক ঘণ্টা আগে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশে শিশু বিশেষজ্ঞ ডা. শাহ আলমকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি করা হয়েছিল।
