২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মৃত ঘোষণার ভুলেই শিশুটির মৃত্যু: সিভিল সার্জন

চট্টগ্রামে মৃত ঘোষণার একদিন পর মারা যাওয়া নবজাতকটি ভুলের শিকার না হলে হয়তো বেঁচে যেত বলে মনে করছেন জেলা সিভিল সার্জন আজিজুর রহমান সিদ্দিকী।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Oct 2016, 08:08 PM

Updated : 12 Apr 2022, 03:00 AM

বুধবার দুপুরে নগরীর ম্যাক্স হাসপাতালে মৃত্যু হয় এই নবজাতকের, সোমবার রাতে নগরীর অন্য একটি হাসপাতালে জন্মের পরপরই যাকে মৃত ঘোষণা করা হয়েছিল।

শিশুটির মৃত্যুর খবর শুনে দুপুরে ম্যাক্স হাসপাতালের নিওনেটাল ইনটেনসিভ কেয়ার ইউনিটে (এনআইসিইউ) যান ডা. আজিজুর।

সংশ্লিষ্ট চিকিৎসক ও শিশুটির মা-বাবাসহ অন্যদের সঙ্গে কথা বলেন তিনি।

এনআইসিইউ থেকে বেরিয়ে আজিজুর রহমান সাংবাদিকদের বলেন, “জন্মের পর মৃত ঘোষণার ভুলের কারণেই শিশুটি মারা গেছে। যদি ভুল না হত হয়তো শিশুটি বেঁচে যেত।”

সোমবার রাতে নগরীর প্রবর্তক মোড়ের বেসরকারি হাসপাতাল সিএসসিআরে ওই শিশুর জন্ম হয়। তার মা রিদওয়ানা কাউসার বান্দরবানের আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডেন্টাল সার্জন; আর বাবা নুরুল আজম কক্সবাজার জেলা হাসপাতালের মেডিকেল অফিসার।

ডা. রিদওয়ানা মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সোমবার রাত ১টায় তাকে সিএসসিআর-এর লেবার রুমে নেওয়ার দু্ই ঘণ্টা পর তার বাচ্চাকে মৃত ঘোষণা করেন এনআইসিইউয়ে দায়িত্বরত চিকিৎসক।

“একটা প্যাকেটে আমার বাচ্চাকে আমার কেবিনে দিয়ে যায় তারা। আমি প্যাকেট খুলে দেখি আমার বাচ্চার চেস্ট মুভমেন্ট ও গ্যাসপিং রেস্পিরেশন (লম্বা শ্বাস) হচ্ছে।

“দ্রুত আমার বাচ্চাকে নিওনেটালে পাঠালে ওরা বারবার বাচ্চাকে মৃত বলতে থাকে। বাচ্চার মুভমেন্টকে তারা পাত্তাও দিল না। একটু ধরেও দেখল না।”

এরপর শিশুটিকে সিএসসিআর থেকে নেওয়া হয় ট্রিটমেন্ট হাসপাতালে। সেখান থেকে পরে নেওয়া হয় ম্যাক্স হাসপাতালে।

মঙ্গলবার রাতেও মেয়েকে নিয়ে আশায় ছিলেন রিদওয়ানা; বলেছিলেন, সে মোটামুটি সুস্থ আছে।

সিএসসিআর কর্তৃপক্ষের বিরুদ্ধে চিকিৎসায় অবহেলায় অভিযোগ এনে তিনি বলেন, “তারা যদি বাচ্চাটাকে অক্সিজেন সাপোর্ট দিত, রিসাসিটেইট (জীবন ফিরিয়ে আনার প্রচেষ্টা) করত, তাহলে ওর কন্ডিশন ইমপ্রুভ করত।”

ম্যাক্স হাসপাতালের চিকিৎসক মৌ জানিয়েছিলেন, সুস্থ নবজাতকের ওজন ২ দশমিক ৩ থেকে ২ দশমিক ৫ কিলোগ্রাম হয়, সেখানে রিদওয়ানার মেয়ের ওজন মাত্র ৫০০ গ্রাম।

সিভিল সার্জন বলেন, জীবিত বাচ্চা মৃত ঘোষণার পর অন্য হাসপাতালে আনার পরেও বাঁচানো যায়নি। এটি অত্যন্ত দুঃখজনক। এক্ষেত্রে হাসপাতাল কর্তৃপক্ষ বা কারও অবহেলা পাওয়া গেলে সহ্য করা হবে না।

ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি করা হয়েছে জানিয়ে তিনি বলেন, “যারা দায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”

বিভিন্ন হাসপাতালে জন্মের পর শিশুকে ফেলে রাখা হয় উল্লেখ করে আজিজুর রহমান সিদ্দিকী বলেন, অনেক সময় নবজাতক জন্মের অনেক পরে কান্না করে। এজন্য প্রতিটি হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসকের মাধ্যমে ব্যবস্থা নিয়ে পরীক্ষা করে মৃত্যুর ঘোষণা দেওয়া উচিত।

“এতে নতুন জন্ম নেওয়া শিশুর মৃত্যু রোধ করা সম্ভব হবে।”

এ ঘটনায় ওই শিশুর বাবা-মা কোনো পদক্ষেপ নিক বা না নিক তদন্তের মাধ্যমে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে সিভিল সার্জন জানান।

শিশু বিশেষজ্ঞ মো. শাহ আলমকে আহ্বায়ক করে তাদের এই তদন্ত কমিটির অন্য দুই সদস্য হলেন- ডেপুটি সিভিল সার্জন অজয় কুমার দে ও সিভিল সার্জন অফিসের প্রধান সহকারী এসএম সাহেদুল ইসলাম।

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের নির্দেশে গঠিত এই কমিটিকে তিন কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে বলে ডা. আজিজুর জানিয়েছেন।

এদিকে এ ঘটনা তদন্তে এক সদস্যের একটি কমিটি গঠনের কথা জানিয়েছে সিএসসিআর হাসপাতাল কর্তৃপক্ষ।

এরইমধ্যে এ ঘটনায় দায়িত্বে অবহেলার দায়ে দুই চিকিৎসকের দায়িত্ব পালন সাময়িকভাবে বন্ধ রেখেছে তারা।

সিএসসিআর হাসপাতালের চিফ অপারেটিং অফিসার ডা. সালাউদ্দিন মাহমুদ বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, লেবার রুমে দায়িত্ব পালনকারী চিকিৎসক ডা. রুমা আকতার ও গাইনি ওয়ার্ডের ডা. ইকবাল হোসাইনের দায়িত্ব পালনে সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

“আমাদের তদন্ত এখনও শেষ হয়নি। ওই সময় যারা এনআইসিইউ, লেবার ও গাইনি ওয়ার্ডে দায়িত্বরত ছিলেন তাদের সাক্ষ্য আমরা নিচ্ছি। তদন্ত প্রতিবেদন অনুযায়ী তাদের বিরুদ্ধে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।”

এদিকে নবজাতকটির বাবা-মা ঘটনার পর সিএসসিআর হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে অবহেলার অভিযোগ তুললেও তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিক কোনো অভিযোগ করেননি।

দুপুরে শিশুটির মৃত্যুর পর সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলেননি তারা।  

তবে শিশুটির মামা রাফিদ সিদ্দিক বলেন, “সিএসসিআর হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলার কারণেই এই অবস্থা হয়েছে। আমরা এর বিচার চাই।’

পুরনো খবর:

‘মৃত’ ঘোষিত নবজাতক অন্য হাসপাতালে সুস্থতার পথে