জীবিত নবজাতক ‘মৃত’: চট্টগ্রামে তিন সদস্যের তদন্ত কমিটি
চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে জীবিত নবজাতককে ‘মৃত ঘোষণা’ করার ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি করেছে সিভিল সার্জন অফিস।
শিশু বিশেষজ্ঞ মো. শাহ আলমকে আহ্বায়ক করে করা কমিটির অন্য দুই সদস্য হলেন- ডেপুটি সিভিল সার্জন অজিত কুমার দে ও সিভিল সার্জন অফিসের প্রধান সহকারী এসএম সাহেদুল ইসলাম।
বুধবার বিকাল তিনটা থেকে কমিটি কাজ শুরু করবে বলে জানিয়েছেন চট্টগ্রামের সিভিল সার্জন আজিজুর রহমান সিদ্দিকী।
তিনি বলেন, “স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের নির্দেশে গঠিত কমিটিকে তিন কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।”
সোমবার রাতে নগরীর প্রবর্তক মোড়ের হাসপাতাল সিএসসিআরে ওই শিশুর জন্ম হয়, যার বাবা-মা দুজনই সরকারি হাসপাতালের চিকিৎসক।
জীবিত সন্তানকে মৃত ঘোষণার জন্য সিএসসিআরের নিওনেটাল ইনটেনসিভ কেয়ার ইউনিটে (এনআইসিইউ) কর্তব্যরত চিকিৎসক ও হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে অবহেলার অভিযোগ তুলেছেন তারা।
শিশুটি বর্তমানে নগরীর মেহেদীবাগে আরেকটি বেসরকারি হাসপাতাল ম্যাক্সের এনআইসিইউতে ভর্তি আছে।
শিশুটির অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন ম্যাক্স হাসপাতালের চিকিৎসক মৌ।
চিকিৎসাধীন শিশুটির জন্য করণীয় ঠিক করতে বুধবার ম্যাক্স হাসপাতালে একটি বোর্ড গঠন করার কথা রয়েছে।
অপসারিত সিএসসিআরের দুই চিকিৎসক
নবজাতককে মৃত ঘোষণা করার ঘটনায় অবহেলার অভিযোগে ওঠায় দুই চিকিৎসককে সাময়িকভাবে দায়িত্ব থেকে সরিয়ে নিয়েছে বেসরকারি হাসপাতাল সিএসআরসিআর কর্তৃপক্ষ।
চিকিৎসক দুজন হলেন- লেবার রুমের দায়িত্বপালনকারী চিকিৎসক রুমা আকতার ও গাইনি ওয়ার্ডের ইকবাল হোসাইন।
বুধবার এ সিদ্ধান্ত হয় বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন হাসপাতালের চিফ অপারেটিং অফিসার সালাউদ্দিন মাহমুদ।
সালাউদ্দিন মাহমুদ বলেন, “আমাদের তদন্ত এখনও শেষ হয়নি। ওই সময় যারা এনআইসিইউ, লেবার ও গাইনি ওয়ার্ডে দায়িত্বে ছিলেন তাদের সাক্ষ্য নিচ্ছি।
“যেহেতু লেবার রুম ও গাইনি ওয়ার্ডের কর্তব্যরত দুই চিকিৎসকের বিরুদ্ধে অভিযোগ উঠেছে আমরা তাদের দুইজনের দায়িত্বপালন আপাতত স্থগিত রেখেছি। তদন্ত প্রতিবেদন অনুযায়ী তাদের বিরুদ্ধে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।”
