দুর্নীতির মামলায় সিসিসির নির্বাহী প্রকৌশলী গ্রেপ্তার
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও তথ্য গোপনের অভিযোগে চট্টগ্রাম সিটি করপোরেশনের (সিসিসি) এক কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে দুদক।
গ্রেপ্তারকৃত সাইফুর রহমান সিসিসির নির্বাহী প্রকৌশলী (চলতি দায়িত্ব) হিসেবে কর্মরত।
রোববার সকালে নগরীর কোতোয়ালি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে দুদক চট্টগ্রাম অঞ্চলের পরিচালক আবদুল আজিজ মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।
দুদক চট্টগ্রাম কার্যালয় থেকে জানানো হয়েছে, ৩৩ লাখ ৯৩ হাজার ৫৯১ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনসহ একলাখ ৪০ হাজার ৪৫২ টাকার তথ্য গোপনের অভিযোগে গত ১৭ জুলাই খুলশি থানায় সাইফুর রহমানের বিরুদ্ধে মামলাটি করেন দুদক প্রধান কার্যালয়ের উপ-পরিচালক হামিদুল হাছান।
বর্তমানে দুদক চট্টগ্রাম অঞ্চলের সহকারি পরিচালক জাফর আহমেদ মামলাটির তদন্ত করছেন।
