সন্দ্বীপের সেই মামলার তদন্ত কর্মকর্তাকে গ্রেপ্তারে পরোয়ানা
বিচার শুরুর পর ১৭ বছর পেরিয়ে যাওয়া সন্দ্বীপের আলোচিত হত্যা মামলাটি তদন্ত কর্মকর্তাকে (আইও) হাজির করতে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে চট্টগ্রামের আদালত।
বৃহস্পতিবার চট্টগ্রামের চতুর্থ অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ নজরুল ইসলামের আদালত এ আদেশ দেন।
এদিন ওই মামলায় নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া পুলিশ কনস্টেবল এবং জব্দ তালিকার দুই সাক্ষীসহ তিনজন সাক্ষ্য দিয়েছেন।
তারা হলেন- সন্দ্বীপ থানার তৎকালীন কনস্টেবল গোপাল চন্দ্র সরকার এবং জব্দ তালিকার দুই সাক্ষী স্থানীয় বাসিন্দা আবুল কালাম আজাদ ও মোস্তাফিজুর রহমান।
১৯৯৩ সালের ৪ অগাস্ট চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার গাছুয়া ইউনিয়নে আক্কাস উদ্দিনকে (৩০) পিটিয়ে হত্যা করা হয়। কিন্তু মামলাটি এগোয়নি বহু দিন।
গত ৮ অগাস্ট হাই কোর্টের বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি জে বি এম হাসানের বেঞ্চ ১৭ বছরেও কেন মামলাটি নিষ্পত্তি হয়নি তা জানতে চায়।
তখন জানা যায়, মামলার তদন্ত কর্মকর্তা (আইও) সন্দ্বীপ থানার সেসময়ের এসআই এ এইচ এম মান্নানকে পাওয়া যায়নি বলে সাক্ষ্যগ্রহণ আটকে আছে।
রাষ্ট্রপক্ষের কৌঁসুলি সহকারী পিপি অজয় বোস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “একাধিকবার প্রসেস ইস্যু (সমন জারি) করার পরও আইওকে হাজির করা সম্ভব হয়নি। তাই আদালত আজ তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।”
সন্দ্বীপ থানার ওসি মো. শামসুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সেসময়ের ওসি এবং তদন্ত কর্মকর্তা মান্নানের কোনো হদিস এখনও পাওয়া যায়নি।
“চট্টগ্রাম থেকে বদলি হয়ে তিনি সিলেটে কর্মরত ছিলেন। এরপর তার কর্মস্থল কোথায় ছিল তা জানতে পারিনি।”
ওসি শামসুল ইসলাম বলেন, “পুলিশের রিজার্ভ অফিসে এসব তথ্য থাকে। কিন্তু ২০০৬ সালের দিকে একবার পানি ওঠায় নথিপত্র নষ্ট হয়ে যাওয়ায় এখন তার তথ্য পাচ্ছি না।
“তবে উনার সঙ্গে যারা অতীতে কাজ করেছেন তাদের সঙ্গে যোগাযোগের মাধ্যমে তার ঠিকানা বের করার চেষ্টা করছি।”
হাই কোর্টের আদেশের পর গত মাসে এই মামলার সাক্ষ্যগ্রহণ ফের শুরু হয় চট্টগ্রামের আদালতে। গত ২২ অগাস্ট সাক্ষ্য দেন সন্দ্বীপ স্বাস্থ্য কমপ্লেক্সের তৎকালীন মেডিকেল অফিসার ডা. ফখরুল করিম।
এরপর বৃহস্পতিবার আরও তিনজন সাক্ষ্য দিলেন।
সহকারী পিপি অজয় বোস বলেন, অবসরপ্রাপ্ত কনস্টেবল গোপাল চন্দ্র সরকার ঘটনার দিন লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চিকিৎসকের কাছে নিয়ে গিয়েছিলেন।
“এছাড়া অন্য দুই সাক্ষী শুধু লাশ দেখেছিলেন এবং পুলিশের করা জব্দ তালিকায় স্বাক্ষর করেছিলেন। ঘটনার বিষয়ে এর বেশি কিছু তারা জানেন না।”
আগামী ২০ অক্টোবর এ মামলায় সাক্ষ্যগ্রহণের পরবর্তী দিন ধার্য করা হয়েছে।
এনিয়ে এ মামলার বাদীসহ ১০ জন সাক্ষ্য দিয়েছেন। একজন সাক্ষী মারা গেছেন। তিন জন সাক্ষীর হদিস পায়নি পুলিশ।
নিহত আক্কাসের বাবা আবুল খায়েরের করা এই মামলায় ছয়জনকে আসামি করা হলেও তদন্ত কর্মকর্তা মান্নানের দেওয়া অভিযোগপত্রে আটজনকে আসামি করা হয়।
আসামিরা হলেন- চেয়ারম্যান শফিকুল ইসলাম, দফাদার শাহজাহান হক, চৌকিদার আবুল কাসেম, চৌকিদার ফয়েজ উদ্দিন আহমেদ, চৌকিদার মো. সিদ্দিক, মেম্বার আশ্রাফ উদ্দিন, মেম্বার মোমিনুল হক ফেরদৌস ও চৌকিদার সাফিউল হক।
এদের মধ্যে প্রথম তিনজন মারা গেছেন। আশ্রাফ উদ্দিন ও মোমিনুল হক ফেরদৌস জামিনে আছেন। মো. সিদ্দিক ও সাফিউল হক পলাতক।
