২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লাইসেন্সের জন্য লিখিত পরীক্ষায় আপত্তি অটো চালকদের

চালকদের লাইসেন্স দেওয়ার ক্ষেত্রে লিখিত পরীক্ষার বিরোধিতা করেছে চট্টগ্রামের অটোরিকশা ও অটোটেম্পো চালক-শ্রমিক নেতারা।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Sep 2016, 07:18 PM

Updated : 20 Aug 2022, 01:42 PM

বুধবার নগর ভবনে সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিনের সঙ্গ অটোরিকশা, অটো টেম্পো ও থ্রি হুইলার চালক সংগঠনের সমস্যা নিয়ে আয়োজিত এক সভায় এ বিরোধিতার কথা জানান তারা।

তবে সভায় উপস্থিত সিটি মেয়র ও চট্টগ্রামের জেলা প্রশাসক বলেছেন, কেউ চালকের লাইসেন্স পেতে হলে তাকে ‘মিনিমাম পড়াশুনা’ জানতে হবে।

শ্রমিক নেতাদের দাবি- চালকরা অধিকাংশই গ্রামের খেটে খাওয়া মানুষ। ন্যূনতম অক্ষরজ্ঞান না থাকায় লিখিত পরীক্ষা দিয়ে এদের পক্ষে লাইসেন্স নেওয়া সম্ভব নয়।

বাংলাদেশ অটোরিকশা ও অটো টেম্পো শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম খোকন বলেন, বাস্তবিক জ্ঞান কতটা আছে সেটার উপর নির্ভর করে চালকদের লাইসেন্স দিতে হবে।

“এরা গ্রামের খেটে খাওয়া মানুষ। জীবিকার তাগিদে শহরে এসে গাড়ি চালায়। এদেরকে যদি লিখিত পরীক্ষা দিয়ে চালকের লাইসেন্স নিতে হয়, তাহলে তারা কেউ লাইসেন্স নিতে সমর্থ হবে না।”

এসময় একই সংগঠনের সভাপতি উজ্জ্বল বিশ্বাসও তাকে সমর্থন করেন।

জবাবে সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন বলেন, বাস্তবতার নিরিখে আমাদের মানসিকতায় পরিবতর্ন করতে হবে। ন্যূনতম অক্ষরজ্ঞান লাগবে চালক হতে গেলে।

জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন বলেন, “চালকের লাইসেন্স পেতে হলে তাকে মিনিমাম পড়াশুনা জানতে হবে।”

উদাহরণ দিয়ে তিনি বলেন, “অনেক সময় এমন হয় যে পরীক্ষা দিতে আসা অনেকে গাড়ির পার্টস সম্পর্কে জানে না। জানে না কোনো ট্রাফিক সাইন দেখলে কি করতে হবে।”

এটাকে বিপদজনক মন্তব্য করে জেলা প্রশাসক বলেন, ‍“চালকের হাতে যাত্রীর প্রাণ। চালককে মিনিমাম ট্রাফিক সম্পর্কে জানাশুনা থাকতে হবে।

“আমাকে বিআরটিএ’র মহাপরিচালকও বলেছেন প্রশ্ন সোজা করে দিতে। আমিও ম্যাজিস্ট্রেটদের বলেছি সোজা প্রশ্ন করতে। কিন্তু অধিকাংশ সময় সোজা প্রশ্নের উত্তরও দিতে পারে না।”

আলোচনায় অংশ নিয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পরিবহন মালিক গ্রুপের মহাসচিব বেলায়েত হোসেন বেলাল অভিযোগ করেন, গ্রামের অটোরিকশা শহরে এসে যানজট সৃষ্টি করছে।

তিনি বলেন, উত্তর চট্টগ্রাম থেকে আসা অটোরিকশা নগরীর রাস্তার মাথা এলাকায়, দক্ষিণ চট্টগ্রাম থেকে আসা অটোরিকশা নগরীর শাহ আমানত সেতু এলাকায় এবং সীতাকুণ্ড থেকে আসা গাড়িগুলো নগরীর কর্নেল হাট এলাকায় পার্কিং করায় যানজট সৃষ্টি হচ্ছে।

স্থানীয় কিছু প্রভাবশালী ও ট্রাফিক পুলিশের সহায়তায় তারা এ জায়গাগুলোতে মাসিক মাসোহারার ভিত্তিতে গাড়ি পার্কিং করে বলেও অভিযোগ করেন পরিবহন মালিক গ্রুপের নেতা বেলায়েত।

এসময় শ্রমিক নেতারা মিটারে যেতে অনিচ্ছুক চালকদের স্পট ফাইন, চালকদের জন্য প্রশিক্ষণ ইনস্টিটিউট, থ্রি হুইলার গাড়ির জন্য ডেডিকেটেড টার্মিনাল নির্মাণে ব্যবস্থা নিতে মেয়রের প্রতি আহ্বান জানান।

শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক সফর আলী বলেন, চট্টগ্রামে যানজট তৈরি করার মতো গাড়ি নেই। সুষ্ঠু সড়ক ব্যবস্থাপনা করতে পারলে যানজট অনেক কমে আসবে।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) মাসুদ উল হাসান বলেন, শহরে হঠাৎ করে রিকশা বেড়ে গেছে।

পুলিশ শিগগির অবৈধ রিকশার বিরুদ্ধে অভিযানে নামবে জানিয়ে তিনি সিসিসিকে রিকশা নতুন লাইসেন্স প্রদান বন্ধের অনুরোধ করেন। 

সমাপনী বক্তব্যে আ জ ম নাছির বলেন, অবৈধ কোনো যানবাহন চট্টগ্রামে চলবে না। যে সংস্থা রেজিস্ট্রেশনবিহীন অটোরিকশায় মিটার লাগিয়েছে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, নির্দিষ্ট স্থানে যাত্রী উঠানামা করার জন্য সিসিসি নগরীতে নতুন করে যাত্রী ছাউনী করবে যেখানে ওয়াইফাই, সিটি হেল্প ডেস্ক, এটিএম ‍বুথসহ যাত্রীদের জন্য নানান সুযোগ সুবিধা থাকবে।

যে কোনো মূল্যে ট্রাফিক ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরিয়ে আনা হবে বলেও জানান তিনি।