২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বন্দরনগরীর যানজট কমাতে পার্কিং স্পট করার উদ্যোগ

চট্টগ্রাম নগরীতে যানজট কমাতে অর্থের বিনিময়ে গাড়ি পার্কিংয়ের জায়গা করার পরিকল্পনা নিয়েছে নগর পুলিশের ট্রাফিক বিভাগ।

উত্তম সেন গুপ্ত

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Sep 2016, 08:09 PM

Updated : 12 Apr 2022, 02:54 AM

এলক্ষ্যে ট্রাফিক বিভাগের পক্ষ থেকে নগরীর গুরুত্বর্পূণ এলাকাগুলোতে ২৪টি পার্কিং জায়গা করার প্রস্তাবনা চট্টগ্রাম সিটি করপোরেশনকে দেওয়া হবে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন নগর পুলিশ কয়েকজন কর্মকর্তা।

নগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) মাসুদ-উল-হাসান বলেন, নগরীতে যত্রতত্র পার্কিং যানজট সমস্যার অন্যতম একটি কারণ; তা নিরসনে নেওয়া বিভিন্ন পদক্ষেপের অংশ হিসেবে পার্কিংয়ের আলাদা জায়গা করার পরিকল্পনা করা হয়েছে।

জায়গাসমূহে কয়টি করে গাড়ি পার্কিং করা হবে সেটিও নির্ধারণ করা হয়েছে পুলিশের পক্ষ থেকে।

খুব শিগগিরই সিটি মেয়রকে এ সংক্রান্ত প্রস্তাবনা দেওয়া হবে জানিয়ে মাসুদ-উল-হাসান বলেন, “সে অনুযায়ী তিনি (মেয়র) উদ্যোগ নেবেন।”

নগর পুলিশের পরিকল্পনায় এমএ আজিজ স্টেডিয়াম সংলগ্ন উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে সিআরবি সাত রাস্তা, স্টেশন রোড নিজাম হোটেল থেকে পুরাতন রেল স্টেশন, পুরাতন রেল স্টেশন ইয়ার্ড, জহুর হকার্স মার্কেট থেকে নিউ মার্কেটের এক্সিট গেইট পর্যন্ত জায়গায় পার্কিংয়ের জন্য রয়েছে।

জিইসি মোড়ের কামাল স্টোরের সামনে ১২টি, চিটাগং শপিং কমপ্লেক্সের উত্তর, দক্ষিণ ও পূর্ব কোণে ৫০টি এবং মুরাদপুর সিরাজ শপিং কমপ্লেক্সের সামনে ২৫টি করে অটোরিকশা ও গাড়ি পার্কিংয়ের পরিকল্পনা নেওয়া হয়েছে।

এছাড়া পুলিশ লাইনসের পাশে পুনাক শপের সামনে ১০টি, আলমাস সিনেমা হল থেকে জমিয়াতুল ফালাহ জামে মসজিদ গেইটের আগে পর্যন্ত স্থানে ৫০টি, জমিয়াতুল ফালাহ জামে মসজিদ মাঠে ২৫০টি, অক্সিজেন জনতা ব্যাংক থেকে কেডিএস গার্মেন্টস পর্যন্ত ১০টি করে গাড়ি রাখার ব্যবস্থাসহ পার্কিং স্থান।

দেওয়ান হাট ফায়ার সার্ভিস এলাকায় রাস্তার দুই পাশে, ওয়াসা কলোনি, অলঙ্কার মোড় থেকে একে খান গেইট পর্যন্ত এলাকায় আলিফ গলি, কর্নেল হাট থেকে বিএসআরএম মিড আইল্যান্ডে গাড়ির পার্কিং স্থান করার পরিকল্পনায় আনা হয়েছে।

এদিকে নগরীর কয়েকটি মাঠের কিছু অংশেও গাড়ি পার্কিংয়ের স্থান তৈরি করার জন্য পুলিশের পরিকল্পনায় এসেছে।

বন্দরের সিপিআর গেইট সংলগ্ন খালি জায়গায় গাড়ি বা প্রাইম মুভার পার্কিং স্থান করারও পরিকল্পনায় রেখেছে পুলিশ।

অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) মাসুদ-উল-হাসান বলেন, পার্কিং স্থানগুলোতে টাকার বিনিময়ে গাড়ি রাখা যাবে। এগুলো ব্যবহারের কারণে যত্রতত্র পার্কিং করতে পারবে না।

দ্রুত সময়ের মধ্যে প্রস্তাবনাটি সিটি মেয়রকে দেওয়া হবে জানিয়ে তিনি বলেন, সিটি করপোরেশন সেখান থেকে যাচাই-বাছাই করে পার্কিং স্থানগুলো নির্ধারণ করবে। সিটি করপোরেশন নিজস্ব ভাবে বা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে তারা পার্কিং স্থান তৈরি করার জন্য বলবে।

বিমান বন্দরগামীদের জন্য আলাদা লেইন

যানজট এড়িয়ে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে নির্বিঘ্নে যাতায়াতের জন্য বিমানবন্দরগামীদের জন্য আলাদা লেইন করার পরিকল্পনাও করেছে নগর পুলিশ।

অতিরিক্ত পুলিশ কমিশনার মাসুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সল্ট গোলা থেকে ইপিজেড এলাকায় যানজটের কারণে অনেক বিমানযাত্রী তাদের নির্ধারিত ফ্লাইট মিস করে থাকে।

“যাত্রীদের এ বিড়ম্বনা থেকে মুক্ত করতে আমরা বিমানযাত্রীদের জন্য আলাদা লেইন করার পরিকল্পনা নিচ্ছি।”

প্রাথমিকভাবে সল্ট গোলা ক্রসিং থেকে নেভি হাসপাতালের গেইটের আগে পর্যন্ত লোহার বেস্টনি দিয়ে আলাদা একটি লেইন করার পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানান নগর পুলিশের ট্রাফিক বিভাগের কর্মকর্তা মাসুদ।

তিনি আরও বলেন, নেভি হাসপাতাল গেইটের আগে পর্যন্ত প্রাথমিকভাবে নির্ধারণ করা হলেও তা সিমেন্ট ক্রসিং পর্যন্ত করার পরিকল্পনা আছে।

এটি ছাড়া বন্দর ফ্লাইওভারের পাশে নিউমুরিং এলাকা থেকে শিল্প পুলিশ অফিসের পাশ্ দিয়ে রাস্তা তৈরি করার জন্য বন্দর কর্তৃপক্ষকে অনুরোধ করা হবে বলেও জানান তিনি।

পুলিশ কর্মকর্তা মাসুদ জানান, এ সড়কটিতে অন্য যানবাহন চলাচল করতে পারবে। তবে কোনো গাড়ি ওই লেইনে দাঁড়াতে পারবে না।