২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মাকে হত্যা: সুমিতের বিরুদ্ধে বাবার মামলা

চট্টগ্রামের গোসাইলডাঙ্গায় মাকে হত্যার পর আত্মহত্যার চেষ্টার ঘটনায় ছেলে সুমিত চৌধুরী বীপুর বিরুদ্ধে মামলা করেছেন তার বাবা।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Sep 2016, 07:05 PM

Updated : 12 Apr 2022, 02:53 AM

এছাড়া পুলিশ বাদী হয়ে সুমিতের বিরুদ্ধে আত্মহত্যার চেষ্টার অভিযোগে আরেকটি মামলা হয়েছে।

গোসাইলডাঙ্গায় নিজের ফ্ল্যাটে খুন হওয়া কুমকুম চৌধুরীর স্বামী সুখময় চৌধুরী শুধু ছেলে সুমিতকে আসামি করে শনিবার রাতে মামলাটি করেন বলে বন্দর থানার ওসি একেএম মহিউদ্দিন সেলিম জানান।  

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সুখময়ের মামলা ছাড়াও তাদের থানার এসআই আমিনুল ইসলাম বাদী অপর একটি মামলা করেন।

নগরীর একটি কলেজ থেকে এবার এইচএসসি পরীক্ষায় অংশ নিয়ে অকৃতকার্য হন সুমিত। শনিবার ফল পুনঃনিরীক্ষণের ফলাফলেও তার উন্নতি হয়নি, যা নিয়ে তাকে বকাবকি করা হয়।

এর জের ধরে সেদিন দুপুরে সুমিত তার মা কুমকুমকে (৪৩) বটি দিয়ে কুপিয়ে হত্যা করে আত্মহত্যার চেষ্টা চালান বলে পুলিশ জানিয়েছে।

পক্ষাঘাতগ্রস্ত কুমকুম দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন এবং পরীক্ষায় অকৃতকার্য হয়ে সুমিতও বিষণ্নতায় ভুগছিলেন বলে পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন।

ঘাড়ে ধারাল অস্ত্রের আঘাত নিয়ে বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন এই তরুণ।

পুরনো খবর:

মাকে ‘হত‌্যার পর’ আত্মহত‌্যার চেষ্টা