২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মাকে ‘হত‌্যার পর’ আত্মহত‌্যার চেষ্টা

চট্টগ্রামের গোসাইলডাঙ্গায় মাকে কুপিয়ে হত‌্যার পর আত্মহত‌্যার চেষ্টাকারী এক যুবককে আটকের খবর জানিয়েছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

চট্টগ্রাম ব‌্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Sep 2016, 03:41 PM

Updated : 11 Oct 2022, 08:43 PM

সুমিত চৌধুরী বীপু (২১) নামে ওই যুবক বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

শনিবার দুপুরে নগরীর গোসাইলডাঙ্গা এলাকার বাসায় তিনি তার মা কুমকুম চৌধুরীকে (৪৩) কুপিয়ে হত‌্যা করেন বলে পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন।

তারা বলছেন, এবছর এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ার পর সুমিত ‘মানসিক সমস্যায়’ ভুগছিলেন। অপরদিকে দীর্ঘদিন ধরে অসুস্থ মায়ের মানসিক অবস্থাও ভালো ছিল না।

পারিবারিক অশান্তি এবং এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় সুমিতকে বকাবকির জের ধরে এ হত্যাকাণ্ড বলে ধারণা করছেন তারা।

Image
এই ঘরে খুন হন কুমকুম চৌধুরী

এই ঘরে খুন হন কুমকুম চৌধুরী

নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (বন্দর) জয়নুল আবেদীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গোসাইলডাঙ্গা এলাকার সরকার ভবনে সুমিত তার মাকে কুপিয়ে গলা কেটে ফেলে। এরপর সে নিজেও একই বটি দিয়ে আত্মহত্যার চেষ্টা চালায়।

দুই ছেলেকে নিয়ে ভবনটির তিনতলায় তিনকক্ষের ওই বাসায় থাকতেন কুমকুম। তাদের বাবা সুখময় চৌধুরী আয়কর আইনজীবী, থাকেন ঢাকায়।

তাদের বাড়ি সাতকানিয়া উপজেলার আমিলাইষ গ্রামে। বড়ছেলে সোমনাথ চৌধুরী নগরীর একটি কলেজের বিবিএস- এর শিক্ষার্থী। 

উপ-কমিশনার জয়নুল বলেন, সোমনাথ দুপুরে বাসায় এসে দেখেন তার মাকে ধারাল অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করা হয়েছে। তার ভাইয়ের ঘাড়েও ধারাল অস্ত্রের আঘাত দেখতে পান তিনি।

বন্দর থানার ওসি একেএম মহিউদ্দিন সেলিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সুমিত ব্যারিস্টার সুলতান আহমেদ ডিগ্রি কলেজ থেকে এবার এইচএসসি পরীক্ষায় অংশ নিয়ে অকৃতকার্য হন। শনিবার এইচএসসির ফল পুনঃনিরীক্ষণের ফলাফলেও তার ফলের কোনো পরিবর্তন হয়নি। এ নিয়ে তাকে বকাবকি করা হয়।

পক্ষাঘাতগ্রস্ত কুমকুম চৌধুরীও দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। মানসিক অবসাদে ভুগছিলেন তিনি।

সুমিত মাকে হত্যার কথা স্বীকার করেছে জানিয়ে ওসি মহিউদ্দিন বলেন, “হাসপাতালে সে পুলিশকে বলেছে, তার মাকে কষ্ট থেকে মুক্তি দিতে সে হত্যা করেছে।”

ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত বটি উদ্ধার করা হয়েছে বলে জানান তিনি।

Image
কুমকুম চৌধুরীর লাশ নেওয়া হচ্ছে মর্গে

কুমকুম চৌধুরীর লাশ নেওয়া হচ্ছে মর্গে

ওই বাড়ির মালিকের স্ত্রী সুপ্পি চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুই বছর আগে তিনতলায় তাদের পাশের ফ্ল্যাট ভাড়া নেয় এই পরিবার। তবে কুমকুম ও তার ছেলেদের কারও সঙ্গে তাদের তেমন কথা হত না।

“দুপুরে বড় ছেলে সোমনাথ বাইরে থেকে এসে তার মাকে খুন এবং ছোটভাইয়ের আত্মহত্যার চেষ্টার বিষয়টি টের পান।”

সুমিতকে ভালো ছেলে বলেই জানতেন ওই ভবনের তিনতলার অপর বাসিন্দা জিকু ঘোষ।

“ছেলেটি ভবনের অন্য কারও সঙ্গে তেমন কথা বলত না।”

বন্দর থানার পরিদর্শক (তদন্ত) বদরুল মামুন জানান, নিহত কুমকুম চৌধুরীর ঘাড়ের পেছন দিকে বেশ কয়েকটি কোপ দেওয়া হয়েছে। এছাড়া হাতের আঙুলও কাটা দেখা গেছে।

আত্মহত্যার চেষ্টাকারী সুমিতের ডান কাঁধের পিছনের দিকে কোপের জখম রয়েছে।

“মা ও ছেলে দুজনই মানসিকভাবে বিপর্যস্ত ছিল। এ হতাশার জায়গা থেকে হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে।”