২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে বৃষ্টিতেও স্বস্তি সবজিতে, কমেছে মুরগির দামও

চট্টগ্রামে রাতভর টানা বৃষ্টি হলেও বাড়েনি সবজির দাম। আগের সপ্তাহের মতোই আছে মাছের দামও। কমেছে ব্রয়লার মুরগির দামও।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

চট্টগ্রাম ব‌্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Sep 2016, 02:31 PM

Updated : 20 Aug 2022, 01:35 PM

সব মিলে শুক্রবার নগরীর কাঁচা পণ্যের বৃহত্তম বাজার রিয়াজউদ্দিন বাজারে দেখা গেছে স্বস্তি। সরবরাহ পর্যাপ্ত থাকায় দাম বাড়েনি বলে জানিয়েছেন বিক্রেতারা।

বাজার ঘুরে দেখা গেছে, গত সপ্তাহের তুলনায় ব্রয়লার মুরগির দাম কেজিতে কমেছে আরও পাঁচ টাকা। কাঁচা মরিচের দাম কমেছে প্রায় ২০ টাকা।

বাজারে আগের মতো ৫০ টাকায় মিলছে প্রতিকেজি বেগুণ, বরবটি ও ঝিঙে। ঢেঁড়স, চিচিঙ্গা এবং পটলের দামেও হেরফের হয়নি; প্রতিকেজি পাওয়া যাচ্ছে ৪০ টাকায়।

কাঁচামরিচ গত সপ্তাহে ৬০ টাকা কেজি দরে বিক্রি হলেও শুক্রবার বিক্রি হচ্ছিল ৪০ টাকায়।

রিয়াজউদ্দিন বাজারের খুচরা সবজি বিক্রেতা মো. রাসেল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বৃষ্টি হলে সচরাচর সবজির দাম বাড়ে । তবে রাতে বৃষ্টি হলেও দামের কোনো হেরফের হয়নি।

“চট্টগ্রামে এবার সবজির ভালো ফলন হওয়ায় বাজারে সরবরাহও ভালো। তাই দাম বাড়েনি।”

সপ্তাহের ব‌্যবধানে ব্রয়লার মুরগির দাম আরও কমেছে। গত সপ্তাহে প্রতিকেজি ব্রয়লার ১৩০ টাকা বিক্রি হলেও শুক্রবার পাওয়া গেছে ১২৫ টাকায়।

ব্রয়লারের দাম কমলেও দেশি এবং সোনালি মুরগি বিক্রি হচ্ছে আগের দামেই। প্রতিকেজি দেশি মুরগি ৩৫০ টাকায় ও সোনালী ২৫০ টাকায় পাওয়া গেছে এদিন।

গত সপ্তাহে বাড়া আদা ও রসুনের দাম কমেনি। শুক্রবার আগের দামেই বিক্রি হচ্ছিল এই দুই নিত‌্যপণ‌্য।

কেজিপ্রতি চায়না আদা ৭০ টাকায় ও রসুন ১৭০ টাকায় বিক্রি হতে দেখা গেছে রিয়াজউদ্দিন বাজারে।

তবে পেঁয়াজের দামে হেরফের হয়নি। প্রতিকেজি পেঁয়াজ মিলছে ২৪ থেকে ২৬ টাকায়।

মাছবাজার ঘুরে দেখা গেছে, আগের মতোই স্বস্তি। রুই, লইট্টা, তেলাপিয়া ও চিংড়ি গত সপ্তাহের দামেই বিক্রি হয়েছে এদিন।

প্রতিকেজি রুই মিলেছে ১৮০ থেকে ২২০ টাকায়, লইট্টা ৮০ থেকে ১০০ টাকায় এবং তেলাপিয়া ১৪০ থেকে ১৬০ টাকায়।

আর সাগরের টাইগার চিংড়ি মিলেছে ৩৫০ টাকায় ও গলদা চিংড়ি ৫০০ টাকায়।

গরুর মাংসের দাম আছে আগের মতোই- হাঁড়ছাড়া প্রতিকেজি ৫৫০ টাকা ও হাঁড়সহ ৪৫০ টাকা।

পুরনো খবর:

বৃষ্টির বিরতিতে স্বস্তি চট্টগ্রামের কাঁচাবাজারে