বৃষ্টির বিরতিতে স্বস্তি চট্টগ্রামের কাঁচাবাজারে
মাঝারি বর্ষণে গত সপ্তাহে সবজির দাম বাড়লেও বৃষ্টির বিরতিতে স্বস্তি ফিরে এসেছে চট্টগ্রামের কাঁচাবাজারে।
শুক্রবার নগরীর পাইকারি পণ্যের বৃহত্তম কাঁচাবাজার রিয়াজউদ্দিন বাজার ঘুরে এ চিত্র পাওয়া গেছে।
সবজির দামের সঙ্গে কমেছে কাঁচামরিচের দামও। তবে কিছুটা দাম বেড়েছে ব্রয়লার মুরগির।
রিয়াজউদ্দিন বাজারের সবজির খুচরা বিক্রেতার মো. রাসেল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বৃষ্টি না থাকায় দাম কমেছে অধিকাংশ সবজির।
গত সপ্তাহের তুলনায় সবজির দাম কেজিতে পাঁচ থেকে দশ টাকা কমেছে বলে জানান তিনি।
শুক্রবার রিয়াজউদ্দিন বাজারে ঢেঁড়স, চিচিংগা, ঝিঙে ও পটোল ৩৫ থেকে ৪০ টাকায় বিক্রি হতে দেখা গেছে, যা গত সপ্তাহে ৫০ টাকায় বিক্রি হয়েছিল।
বরবটি আর বেগুণ বিক্রি হচ্ছে ৫০ টাকায়, যা গত সপ্তাহে ছিল ৬০ টাকা কেজি।
সবচেয়ে কম দামে মিলছে পেঁপে, লাউ আর কচু। এগুলো পাওয়া যাচ্ছে ৩০ টাকার মধ্যে।
গত সপ্তাহে কাঁচামরিচ ৬০ টাকা কেজি বিক্রি হলেও শুক্রবার কাঁচামরিচ বিক্রি হয়েছে ৩৫ থেকে ৪০ টাকা কেজি।
সবজির দাম কমতির দিকে থাকলেও কেজিতে পাঁচ টাকা বেড়েছে ব্রয়লার মুরগি।
গত সপ্তাহে ১৩৫ টাকায় প্রতিকেজি ব্রয়লার মুরগি বিক্রি হলেও শুক্রবার ১৪০ টাকায় বিক্রি হতে দেখা গেছে।
তবে মাছ ও মাংস বিক্রি হচ্ছে আগের দামে। রুই মাছ পাওয়া যাচ্ছে মানভেদে কেজিতে ১৮০ থেকে ১৪০ টাকার মধ্যে। তেলাপিয়া ১২০ থেকে ১৬০ টাকার মধ্যে।
সাগরের টাইগার চিংড়ির দাম একটু বেড়েছে। আগে ৩৫০ টাকায় পাওয়া গেলেও শুক্রবার বিক্রি হচ্ছিল ৪০০ টাকা কেজি। হেরফের হয়নি বাগদা চিংড়ির দামে।
প্রতিকেজি বাগদা চিংড়ি ৬০০ টাকায় বিক্রি হতে দেখা গেছে রিয়াজউদ্দিন বাজারে।
গরুর মাংস মিলছে কেজিপ্রতি হাড়সহ ৪৫০ টাকা ও হাড়ছাড়া ৬০০ টাকায়।
এছাড়া স্থিতিশীল রয়েছে পেঁয়াজ, আদা ও রসুনের দাম।
পেঁয়াজ প্রতিকেজি ২৪ টাকা, আদা (চায়না) প্রতিকেজি ৫০ ও রসুন ১৫০ টাকায় পাওয়া যাচ্ছে।
