টাকার বিনিময়ে জাল সনদ সরবরাহ, যুবক গ্রেপ্তার
চট্টগ্রামে বিভিন্ন ধরনের জাল সনদসহ এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে, যিনি ফটোকপির ব্যবসার আড়ালে জাল সনদ তৈরির ব্যবসা করেন বলে পুলিশের ভাষ্য।
গ্রেপ্তার মো. ইকবাল হোসেনের (২২) নগরীর সিডিএ মার্কেট এলাকার সৈকত প্লাজায় ‘তৃষা ফটোস্ট্যাট’ নামে দোকান রয়েছে।
সোমবার রাতে পাহাড়তলী থানার সিডিএ মার্কেট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান থানার ওসি রণজিৎ বড়ুয়া।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, ফটোকপি ব্যবসার আড়ালে ইকবাল জাল সনদ তৈরির ব্যবসা করতেন। টাকার বিনিময়ে তিনি জন্মনিবন্ধন সনদসহ বিভিন্ন ধরনের সনদ তৈরি করে থাকেন।
গ্রেপ্তারের সময় ইকবালের দোকান থেকে বেশকিছু ভুয়া সনদও উদ্ধার করা হয়েছে বলে জানিয়ে ওসি রণজিৎ বলেন, ইকবালের বিরুদ্ধে প্রতারণার ধারায় মামলা হয়েছে।
