২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জলে তলিয়ে বন্দর নগরীর বাণিজ‌্যের প্রাণ

একদিনের বৃষ্টির সঙ্গে জোয়ারে তলিয়ে গেছে বন্দর নগরী চট্টগ্রামের পাইকারি পণ‌্যের বৃহত্তম  বাজার খাতুনগঞ্জ; সেই সঙ্গে ডুবেছে চাক্তাই ও আছাদগঞ্জও।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

চট্টগ্রাম ব‌্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Aug 2016, 08:23 PM

Updated : 11 Oct 2022, 08:38 PM

রোববার সকাল থেকে টানা বৃষ্টিতে নগরীর হালিশহর, ষোলশহর দুই নম্বর গেইট, আগ্রাবাদ, চান্দগাঁও, কোরবানিগঞ্জ বাদুরতলার নিচু এলাকা ডুবে দুর্ভোগ পোহাতে হয় অফিসগামী যাত্রী ও স্কুল-কলেজগামী শিক্ষার্থীদেরও।

বৃষ্টির সঙ্গে জোয়ার এলে দুপুরে হাঁটু পানিতে তলিয়ে যায় বাংলাদেশের ভোগ্যপণ্যের বৃহত্তম পাইকারি বাজার খাতুনগঞ্জ, চাক্তাই ও আছাদগঞ্জ।

সরেজমিনে দেখা গেছে, আড়ত থেকে পণ্য রক্ষায় হিমশিম খাচ্ছেন ব্যবসায়ীরা। খাট ও টেবিলের উপর ভোগ্যপণ্যের বস্তা রেখে জোয়ারের পানি থেকে বাঁচানোর চেষ্টা চলছে।

খাতুনগঞ্জ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের  সাধারণ সম্পাদক সৈয়দ ছগির আহমদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তার সমিতির অধীনে থাকা সাত হাজার দোকানের আড়াই হাজার দোকান জলমগ্ন হয়েছে।

“আগে থেকে প্রস্তুতি থাকায় ব্যবসায়ীরা তাদের পণ্য রক্ষা করতে পেরেছে। না হলে ভীষণ ক্ষতির মুখে পড়তে হত।”

জোয়ারের পানি ও জলাবদ্ধতা থেকে মুক্তি দিতে নানা জায়গায় দীর্ঘদিন ধরে ধর্না দিয়েও কোনো কাজ না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন এ ব্যবসায়ী নেতা।

“খাতুনগঞ্জ দেশের ব্যবসার জন্য গুরুত্বপূর্ণ একটি জায়গা। অনেকদিন ধরে আমরা এ পানির কষ্ট পাচ্ছি অথচ সরকারের কর্তাব্যক্তিদের মনোযোগ পাচ্ছি না।”

এদিকে চান্দগাঁও আবাসিক এলাকার বাসিন্দা শহিদুল ইসলাম স্বপন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকাল থেকে অবিরাম বৃষ্টির কারণে আবাসিক এলাকার সড়কগুলো পানি কবলিত হয়েছে। ফলে অফিসসহ নিজ নিজ গন্তব্যে পৌছাতে দুর্ভোগ পোহাতে হয়।

কোরবানিগঞ্জ এলাকার আবু জাফর রোডের ব্যবসায়ী জাভেদ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত তিন চার বছর ধরে জলাবদ্ধতার এ সমস্যার মধ্যে আছি।

এ জন্য এলাকার ডোবা-নালা ও খাল দখলকে দায়ী করে তিনি বলেন, “একদিকে ডোবা-নালা, খাল দখল হয়ে যাচ্ছে, অন্যদিকে দখল হয়ে যাওয়ার পর যতুটুকু জায়গা থাকে সেখানে ফেলা হয় ময়লা-আবজর্না। ফলে দিনদিন আমাদের দূর্ভোগ বাড়ছে।”

চট্টগ্রাম আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ শেখ ফরিদ আহমদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বাংলাদেশের উপকূলে নিম্নচাপ সৃষ্টির কারণে ভারিবর্ষণ হচ্ছে। আর সঙ্গে রয়েছে মৌসুমী বৃষ্টিপাত।

রোববার বিকেল ৩টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ৯৫ মিলিলিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে বলে জানান তিনি।