চট্টগ্রাম বন্দরে বে টার্মিনাল নির্মাণের সমীক্ষায় চুক্তি
চট্টগ্রাম বন্দরের বে টার্মিনাল নির্মাণ করতে সমীক্ষার জন্য পরামর্শক প্রতিষ্ঠানের সাথে চুক্তি স্বাক্ষর হয়েছে।
বুধবার বন্দর ভবনে বন্দরের সাথে জার্মান পরামর্শক প্রতিষ্ঠানের এ সংক্রান্ত চুক্তি স্বাক্ষর হয়।
চট্টগ্রাম বন্দরের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম খালেদ ইকবাল। জার্মান পরামর্শক প্রতিষ্ঠান শেল হর্ন এর পক্ষে স্বাক্ষর করেন তাদের প্রতিনিধি বেনজামিন লেজার।
বন্দরের সদস্য জাফর আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বাংলাদেশি টাকায় এ কাজের চুক্তিমূল্য ছয় কোটি ৩৯ লাখ টাকা।
“আগামী সপ্তাহ থেকে তারা কাজ শুরু করবে। আগামী নয় মাসের মধ্যে কাজ শেষ করার কথা রয়েছে।”
জার্মান প্রতিষ্ঠান শেল হর্নের নেতৃত্বে ওই দেশের এইচপিসি হামবুর্গ পোর্ট কনসালটিং এবং বাংলাদেশের কে এস কনসালটেন্টস লিমিটেড যৌথভাবে এই সমীক্ষা পরিচালনা করবে বলে জানান জাফর আলম।
সমীক্ষার জন্য করা চুক্তি অনুসারে পরামর্শক প্রতিষ্ঠান নয়টি বিষয়ে প্রতিবেদন জমা দেবে।
ওই বিষয়গুলো হলো- কারিগরী ও অর্থনৈতিক বিশ্লেষণ, মহাপরিকল্পনা প্রণয়ন, পণ্য পরিবহনের প্রভাব বিশ্লেষণ, পরিচালক কার্যক্রমের সম্ভাব্যতা যাচাই, বে-টার্মিনালের জন্য নির্ধারিত স্থানে জেগে ওঠা দ্বীপের স্থায়িত্ব নির্ধারণ।
পতেঙ্গা সমুদ্র সৈকতের খেঁজুরতলার বিপরীত থেকে কাট্টলী পর্যন্ত অংশে পলি জমে ১২ কিলোমিটার দীর্ঘ একটি চর সৃষ্টি হয়েছে। এই চরেই বে-টার্মিনাল নির্মাণ করতে চায় বন্দর কর্তৃপক্ষ।
এই চর ও উপকূলের মাঝামাঝি প্রায় ৮০০ মিটার প্রশস্ত জাহাজ চলাচলের পথ তৈরি হয়েছে। এই পথের গভীরতা ছয় থেকে নয় মিটার পর্যন্ত। খনন করলে এই পথে ১০ মিটার ড্রাফট (জাহাজের পানিতে নিমজ্জিত অংশের গভীরতা) ও ৩০০ মিটার দৈর্ঘ্যের জাহাজ চালানো সম্ভব।
চট্টগ্রাম বন্দর চ্যানেলে দিনে জোয়ারের সময় সর্বোচ্চ চার ঘণ্টা সময়ে নয় দশমিক ৫০ মিটার ড্রাফট ও ১৯০ মিটার দৈর্ঘ্যের জাহাজ চলাচল করতে পারে। বে-টার্মিনাল নির্মিত হলে দিনে-রাতের যে কোনো সময়ে এর চেয়ে বেশি দৈর্ঘ্য ও ড্রাফটের জাহাজ ভিড়তে পারবে।
বে-টার্মিনালের পশ্চাৎ ভূমির (হিন্টার ল্যান্ড) জন্য প্রায় ৯০৭ একর জমি অধিগ্রহণের কাজ শুরু করবে বন্দর কর্তৃপক্ষ।
বন্দরের সদস্য জাফর আলম বলেন, পরিবেশ ছাড়পত্র পেলেই ৯০৭ একর জমি অধিগ্রহণের কাজ শুরু হবে।
