চট্টগ্রামে সবজির বাজার চড়া, মরিচে স্বস্তি
কয়েকদিন ধরে মাঝারি বর্ষণের অজুহাতে চড়া হয়েছে চট্টগ্রামের কাঁচাবাজার।
শুক্রবার নগরীর কাঁচা পণ্যের বৃহত্তম পাইকারি বাজার রিয়াজউদ্দিন বাজারে ঘুরে দেখা গেছে, দাম বেড়েছে সবজি, ব্রয়লার মুরগি ও গরুর মাংসের।
খুচরা বিক্রেতা মো. রাসেল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, উত্তরবঙ্গ থেকে সবজি আসা বন্ধ। তার উপর চট্টগ্রামে মাঝারি বর্ষণ হয়েছে। ফলে চট্টগ্রামের উপজেলাগুলো থেকে যে সবজি আসে সেটার সরবরাহও কম।
সবমিলিয়ে সবজির দাম কিছুটা বেড়েছে বলে জানান তিনি।
বাজার ঘুরে দেখা গেছে বরবটি, ঢেঁড়স, কড়লা বিক্রি হচ্ছে ৫০ টাকায়, যা বৃহস্পতিবার বিক্রি হয়েছে ৪০ টাকায়।
এছাড়াও বেগুণ, ঝিঙে, চিচিঙ্গা ৪০ টাকায় বিক্রি হতে দেখা গেছে; একদিন আগেও এসব সবজি ৩০ থেকে ৩৫ টাকায় বিক্রি হয়েছে বলে জানান রাসেল।
তবে কিছুটা দাম কমেছে টমেটোর। শুক্রবার ভারতীয় টমেটো বিক্রি হচ্ছিল ৭০ টাকায়, যা গতকালের চেয়ে ১০ টাকা কম।
তবে মানভেদে শিম এখনো ৬০ থেকে ৮০ টাকায় বিক্রি হতে দেখা গেছে।
দাম বাড়ার তালিকায় যু্ক্ত হয়েছে ব্রয়লার মুরগি; কেজিতে ২০ থেকে ২৫ টাকা বেড়ে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৫০ থেকে ১৫৫ টাকায়।
গত সপ্তাহে ব্রয়লার মুরগি প্রতিকেজি ১২৫ থেকে ১৩০ টাকায় বিক্রি হয়েছে বলে জানান মুরগি বিক্রেতা খসরু হক।
দীর্ঘ দিন স্থিতিশীল থাকার পর বেড়েছে গরুর মাংসের দামও। হাড়সহ মাংসের দাম কেজিপ্রতি আগের দাম ৪৫০ টাকায় বিক্রি হলেও বেড়ে গেছে হাড়ছাড়া মাংসের দাম।
হাড়ছাড়া গরুর মাংস ৫৫০ টাকা থেকে বেড়ে শুক্রবার ৬০০ টাকায় বিক্রি হতে দেখা গেছে।
মাংস ব্যবসায়ী শফিক নূর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গরুর সরবরাহ কম। আগের মত দেশি গরু পাওয়া যাচ্ছে না। ফলে মাংসের দাম বেড়েছে।
মাছের বাজারে ভালো মানের রুই মাছ বিক্রি হয়েছে ২৫০ টাকা কেজিপ্রতি। আর তেলাপিয়া বিক্রি ১৪০ থেকে ১৮০ টাকা।
এক সপ্তাহের ব্যবধানে ইলিশের দামেও হেরফের এসেছে। এক কেজি ওজনের ইলিশ এতদিন ১২০০ টাকায় বিক্রি হয়ে এলেও শুক্রবার দেড় হাজার টাকায় বিক্রি হতে দেখা গেছে।
কাঁচামরিচের দামেও খানিকটা স্বস্তি পাচ্ছে ক্রেতারা। বাজার ভেদে চট্টগ্রামে প্রতিকেজি কাঁচামরিচ মিলছে ৪০ থেকে ৫০ টাকায়, যা ঢাকার তুলনায় অর্ধেক কম।
