২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্থিতিশীল বাজারে মরিচে অস্বস্তি

দামে বড় ধরনের হেরফের না হওয়ায় বেশ স্থিতিশীল রয়েছে ঢাকার ভোগ্যপণ্যের বাজার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Aug 2016, 05:27 PM

Updated : 20 Aug 2022, 01:25 PM

সপ্তাহের ব‌্যবধানে কাঁচামরিচ ও রসুনের দাম কিছুটা বাড়লেও অধিকাংশ নিত্যপণ্যের দাম স্থিতিশীল রয়েছে; কিছু পণ‌্য পাওয়া যাচ্ছে আগের চেয়ে কম দামে।

শুক্রবার রাজধানীর কয়েকটি বাজার ঘুরে ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে আলাপ করে জানা গেছে, কাঁচামরিচ ছাড়া বাজার এখন মোটামুটি স্বস্তিকর।

সকালে উত্তর বাড্ডার একটি কাঁচাবাজারে কচুমুখী ৩০ টাকা, ধুন্দল ৪০ টাকা, করলা ৩৫ টাকা, ঢেঁড়শ ও পটল ৪০ টাকা এবং টমেটো ৮০ টাকা কেজি দরে বিক্রি হতে দেখা যায়।

এই বাজারে কাঁচামরিচ বিক্রি হচ্ছিল ১০০ টাকা কেজি, যা আগের দিন ছিল ৬০ টাকা।

ব‌্যবসায়ীরা জানান, কাঁচামরিচের দাম একদিনে অনেক বেড়ে গেছে। যে কাঁচামরিচের পাল্লা (৫ কেজি) ১৮০ থেকে ২২০ টাকা ছিল তা এক দিনের ব্যবধানে বেড়ে হয়েছে ৩৪০ টাকা।

ঘাটতি দেখা দিলে যে কোনো সবজির দামই মাঝেমধ্যে এভাবে বাড়ে বলে মন্তব‌্য করেন দোকানি জহিরুল ইসলাম।  

“সবজির দাম এভাবেই বাড়ে। যখন যেই মালের ঘাটতি দেখা দেয় সেই মালের দামই বেড়ে যায়। আবার সরবরাহ বেড়ে গেলে কমে যায়,” বলেন উত্তর বাড্ডার এই সবজি বিক্রেতা।

বাড্ডা বাজারে এদিন প্রতিকেজি তেলাপিয়া মাছ ১৪০ টাকা, শিং মাছ ছোটগুলো ২৫০ টাকা, মাঝারি আকারেরগুলো ৪০০ টাকায় বিক্রি হচ্ছিল।

এক কেজির ইলিশ ১২০০ টাকা, আধা কেজির চেয়ে একটু বড় আকরেরগুলো ৭০০ টাকা চাইছিলেন বিক্রেতরা।

বাজারে কথা হয় গৃহবধূ সুমাইয়ার সঙ্গে। তার কাছে বাজার পরিস্থিতি এখন ‘মন্দের ভালো’।

“চিনির দামটা একটু বেশি, কিন্তু অন্যান্য পণ্যের দামে খুব বেশি একটা হেরফের হয়নি। বন্যার সময় সবজির দাম খুব বেড়ে যাবে বলে সবাই ভাবছিল। বলা যায়, ওরকম কিছু হয়নি,” বলেন তিনি।

বাড্ডা বাজারের মুদি দোকানি সরওয়ার জানান, সব পণ‌্যের দাম তুলনামূলক স্থিতিশীল আছে। ডালের দাম গত সপ্তাহে কিছুটা বাড়তি থাকলেও এখন আবার আগের দামে পাওয়া যাচ্ছে।

শুক্রবার রাজধানীর বিভিন্ন আবাসিক এলাকার খুচরা বাজারে প্রতি কেজি ব্রয়লার মুরগি কিনতে ১৬০ টাকা লেগেছে; কারওয়ান বাজারে পাওয়া গেছে ১৪০ টাকায়।

রাজধানীর অন‌্যতম এই বাজারে সবজিসহ অন্যান্য নিত্যপণ্যের দাম স্বাভাবিক থাকলেও কাঁচামরিচ ও রুই মাছের দাম ছিল বেশ চড়া।

কারওয়ান বাজারে রুই মাছ ৩০০ টাকা ও কাঁচামরিচ ১০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছিল। যদিও একদিন আগেই এই বাজারে প্রতিকেজি কাঁচামরিচের দাম ছিল ৬০ টাকা। আর রুই মাছ পাওয়া যাচ্ছিল আড়াইশ’ টাকার কাছাকাছি দামে।

এ বাজারে এদিন প্রতি কেজি কাতল ২২০ টাকা, পাঙ্গাস ১৩০ টাকা ও মিরকা ২২০ টাকায় বিক্রি হয়। আর এক কেজির ইলিশ পাওয়া যাচ্ছিল ১১০০ থেকে ১২০০ টাকায়।

বাজারের মুদি দোকানি ইয়াসিন জানান, ডালের দাম কয়েক মাস ধরে স্থিতিশীল আছে। প্রতি কেজি অ‌্যাংকর ডাল ৬০ টাকা এবং মশুর ডাল ১৫০, ১২০ ও ১০০ টাকা দরে বিক্রি হয়েছে। আর মুগডাল পাওয়া গেছে ৯৫ থেকে ১০০ টাকায় এবং ডাবলি ৪৫ টাকায়।

কারওয়ান বাজারে কচুমুখী ৩০ টাকা, ঢেঁড়শ ও করলা ২০ টাকা, গোল বেগুন ২৫ টাকা ও টেমেটো ৭০ টাকা কেজিতে বিক্রি হতে দেখা গেছে।

দীর্ঘদিন খুচরা পর্যায়ে প্রতিকেজি পেঁয়াজ ৩৮-৪০ টাকায় পাওয়া যাচ্ছে। শুক্রবারও কাছাকাছি দামে বিক্রি হতে দেখা গেছে নিত‌্য এই পণ‌্যটি।

তবে সপ্তাহের ব‌্যবধানে দেশি রসুনের দাম ১৫-২০ টাকা বেড়েছে বলে জানান খুচরা বিক্রেতা মাইনুল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, এখন চীনা রসুন ১৭০ টাকায় এবং দেশি রসুন ১৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

বাজার পরিস্থিতি নিয়ে কারওয়ান বাজারে কথা হয় ব্যাংক কর্মকর্তা আহমেদ মুশফিকুরের সঙ্গে।

তিনি মনে করেন, নিত্যপণ্যের বাজার স্থিতিশীল আছে। কারণ দুয়েকটি পণ্য ছাড়া অধিকাংশ দ্রব্যের মূল্যই নাগালের মধ্যে আছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এই ব‌্যাংক কর্মকর্তা বলেন, “সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন বাড়ার পর জিনিসপত্রের দাম যেভাবে বাড়বে বলে অনেকে আশঙ্কা করেছিলেন সেটা কিন্তু হয়নি। এছাড়া বন্যা হয়ে গেল। এর প্রভাবও বাজারে তেমন একটা পড়েনি।”

পুরনো খবর:

কমেছে মরিচের ‘ঝাঁঝ’