কমেছে মরিচের ‘ঝাঁঝ’
দেশের একটি বড় এলাকাজুড়ে বন্যার কারণে কাঁচাবাজারে পণ্যের দাম গত সপ্তাহে কিছুটা বাড়লেও তা কমতে শুরু করেছে। যে কাঁচামরিচের কেজি দেড়শ টাকার বেশি হয়েছিল তা মিলছে একশরও কমে।
এদিকে বাজারে বোতলজাত বিভিন্ন ব্রান্ডের সয়াবিন তেলের দাম এরইমধ্যে লিটার প্রতি দুই টাকা করে বেড়েছে।
নিত্য এই পণ্যের দাম আরও তিন টাকা করে বাড়নো হবে বলে কোম্পানিগুলোর পক্ষ থেকে ব্যবসায়ীদের জানানো হয়েছে।
শুক্রবার রাজধানীর কয়েকটি বাজার ঘুরে এই চিত্র দেখা গেছে।
শুক্রাবাদের ভাঙা বাজারের ব্যবসায়ী শাহীন বলেন, বর্তমানে লম্বা বেগুন কেজি ৩০-৩৫ টাকা, গোল বেগুন ৩৫-৪০ টাকা, চিচিঙ্গা ৩০টাকা, ঢেড়শ ৩০-৪০ টাকা, শসা ৩০টাকা, করলা ৪০টাকা, পেঁপে ৩০টাকা, কচু ৪০ টাকা, টমেটো ৮০টাকা, কাঁচামরিচ ৮০ টাকা, শিম ৮০ টাকা, কচুর লতি ৪০টাকা ও বরবটি ৪৫-৫০ টাকা দরে বিক্রি করছেন তারা।
এক সপ্তাহ আগেও দাম এর চেয়ে কিছুটা বেশি ছিল বলে জানান তিনি।
এই বাজারে কাঁচামালের একমাত্র নারী বিক্রেতা জানান, টমেটো ও কাঁচামরিচের দাম এরই মধ্যে কিছুটা কমেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এই ব্যবসায়ী বলেন, “বন্যায় বাড়বো মনে করছিলাম। বাড়ছেও কয়েকদিন। অহন কমতাছে। আরও কমবো মনে অয়।”
কারওয়ান বাজারের ব্যবসায়ী আবদুল মতিন বলেন, ঈদের পর থেকেই কাঁচাবাজারের পণ্যের দাম কিছুটা ওঠা-নামার মধ্যে আছে। গত শনি-বোরবার সবচেয়ে বেশি ছিল। এখন আবার কমতে শুরু করেছে।
তিনি বলেন, গত রোববার কাঁচামরিচের কেজি ১৬০ টাকায় খুচরা বিক্রি হয়েছে। এখন তা নেমে ৬০ টাকা হয়েছে। বেগুন ছিল ৪৫ টাকা, এখন তা কমে ২৫ টাকা হয়েছে। পটল ৩০টাকা এবং শসা ২৫ টাকায় বিক্রি হচ্ছে। তিন-চার দিন আগেও দাম এ রকম ছিল না।
কারওয়ান বাজারে পরিবারের জন্য নিয়মিত সওদা করতে আসা নুরুল আমিনও কাঁচাবাজারের পণ্যের দাম কমেছে জানিয়ে বলেন, পরশু তিনি আধা কেজি কাঁচামরিচ কেনেন ৫০ টাকায়।
বাজারের এই ওঠা-নামাকে অবশ্য তিনি ’তাল ঠিক নাই’ বলে আখ্যা দেন।
“এই বাড়ে এই কমে। বাজারে আসলে আগে দেখতে হয় বাজার কেমন। এরপর কেনাকাটা।”
একই বাজারের ব্যবসায়ী মো. রেদওয়ান বলেন, শাকের দামও কিছুটা কমেছে।
তার দোকানের সামনে দাঁড়িয়ে দেখা যায়, এক আঁটি লালশাক ৮ টাকা, কলমি শাক ৫ টাকা, ডাটা শাক ১০ টাকা, পুঁইশাক ১৫ টাকা, মুলা শাক ১০ টাকা করে তিনি দর হাঁকছেন। ক্রেতারা দরাদরি করার পর কিছুটা কম দামেও বেচছেন।
দাম নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “গত সপ্তাহে বাড়তি ছিল। এখন কমছে। কেন কমছে সেটা জানি না।”
গত সপ্তাহে বন্যার কারণে বেড়েছিল কি না জানতে চাইলে তিনি বলেন, “এই শাক আসে কেরানীগঞ্জ আর সাভার থেকে। এই সব এলাকায় বন্যা নাই। বন্যার কারণে বাড়বে কেন? হয়ত বন্যা আসব শুনেই মাঝে কেউ একজন বাড়িয়ে দিয়েছে।”
বন্যার কারণে কাঁচামালের দাম কমতেও পারে মন্তব্য করে তিনি বলেন, “অনেক সময় বন্যার কারণে তাড়াতাড়ি শাক সবজি তুলে বাজারে পাঠিয়ে দিলে একত্রে সরবরাহ বেড়ে যেতে পারে। তাতেতো দাম কমেও যাওয়ার কথা।”
কারওয়ান বাজারের খুচরা মুদি দোকানি রিয়াজ বলেন, বোতলজাত সব ধরনের সয়াবিন তেলের মূল্য ২ টাকা করে বেড়েছে।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, একই পরিমাণ সয়াবিন তেলের দাম ব্রান্ড ভেদে আলাদা হলেও সব ব্রান্ড একইভাবে দাম বাড়িয়েছে। দাম বৃদ্ধিতে কেউ কম না, কেউ বেশি না।
সব ব্রান্ডের আলাদা সরবরাহ লাইন থাকলেও একই হারে দাম কীভাবে বাড়ে- এমন প্রশ্নে তিনি বলেন, “সেটাতো আমি বলতে পারব না। হয়তো যোগাযোগ আছে।”
একই এলাকার কিচেন মার্কেটের তেলের পাইকারি দোকান বাবুল ট্রেডার্সের মো. বাসির বলেন, গত ৩০ জুলাই সব কোম্পানির প্রতিনিধিরা সয়াবিন তেলের দাম বাড়ানোর কথা জানিয়ে যান। এরপর সব চালানে বাড়তি দাম দিয়ে কিনতে হয়েছে।
“গতকাল আবার জানিয়ে গেছে, কয়েকদিনের মধ্যে লিটার প্রতি ৩ টাকা বাড়বে।”
