২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘উত্তরের বন্যায়’ চট্টগ্রামে বেড়েছে ‘মরিচের ঝাল’

এক সপ্তাহের ব্যবধানে চট্টগ্রামের কাঁচা বাজারে মরিচের দাম বেড়ে দ্বিগুণ হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jul 2016, 02:18 PM

Updated : 12 Apr 2022, 02:33 AM

শুক্রবার নগরীর রিয়াজউদ্দিন বাজার ও কাজীর দেউড়ি বাজার ঘুরে এ চিত্র পাওয়া গেছে।

রিয়াজউদ্দিন বাজারে সরেজমিনে দেখা যায়, কাঁচা মরিচ বিক্রি হচ্ছে প্রতি কেজি ৮০ টাকা দরে, যা গত সপ্তাহে ছিল ৪০ টাকা।

আর উচ্চবিত্তের বাজার বলে পরিচিত নগরীর কাজীর দেউড়িতে কাঁচা মরিচের প্রতি কেজির দাম বিক্রেতারা চাইছেন ১২০ টাকা।

কাঁচা মরিচের দামের হঠাৎ এই উল্লম্ফনে বিক্রেতারা দেশে উত্তরাঞ্চলের টানা বন্যাকে দুষছেন।

রিয়াজউদ্দিন বাজারের সবজির খুচরা বিক্রেতা মো. রুবেল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বন্যার কারণে উত্তরাঞ্চলে থেকে কাঁচা মরিচের সরবরাহ কমে গেছে।

কাঁচা মরিচের দাম বাড়লেও অপরিবর্তিত রয়েছে সবজির দরে খুব একটা হেরফের হয়নি। তবে বাজারে নতুন আসা শিম কেজিপ্রতি বিক্রি হচ্ছে ১২০ টাকায়।   

রিয়াজউদ্দিন বাজারে শুক্রবার ঢেড়শ, বরবটি, চিচিঙ্গা ও পটল বিক্রি হচ্ছে কেজিতে  ৫০ টাকা; ঝিঙে, কাকরলও পাওয়া যাচ্ছে একই দামে। তবে কাজীর দেউড়ি বাজারে এসব সবজির কোনোটা ৬০ টাকায়ও বিক্রি হচ্ছে।

শতকের ঘরে শিমের সাথে রয়েছে টমেটোও। ইন্ডিয়ান টমেটো কেজিপ্রতি পাওয়া যাচ্ছে ১০০ টাকায়।

মাছ ও মাংসের দাম রয়েছে আগের মতোই। তবে ব্রয়লার মুরগির দাম গত সপ্তাহের তুলনায় ১০ টাকা কমে শুক্রবার কেজিতে ১৬০ টাকায় বিক্রি হয়।

রিয়াজউদ্দিন বাজারে লইট্টা মাছ বিক্রি হচ্ছিল মানভেদে ৮০ থেকে ১০০ টাকায়। রুই মাছ পাওয়া যাচ্ছে ২০০ থেকে ২২০ টাকায়।

বাগদা চিংড়ি মিলছে প্রতি কেজি ৫৫০ টাকায়; সমুদ্রের টাইগার চিংড়ি কেজিতে ৩৫০ টাকায় পাওয়া যাচ্ছে।

দেশি মুরগি ৩৫০ টাকায় ও পাকিস্তানি মুরগি ২০০ টাকায় পাওয়া যাচ্ছে। হাড়সহ গরুর বুকের মাংস বিক্রি হচ্ছে ৪০০ টাকায়; হাড় ছাড়া রানের মাংস পাওয়া যাচ্ছে ৫৫০ টাকায়।