২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিসিসি’র মেমন মাতৃসদনে ‌‘অবহেলায়’ শিশুর মৃত্যু

চট্টগ্রাম সিটি করপোরেশন (সিসিসি) পরিচালিত মেমন মাতৃসদন হাসপাতালে কর্মরত এক চিকিৎসকের ‘অবহেলায়’ পাঁচ মাসের ব্যবধানে দুই শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Aug 2016, 10:09 PM

Updated : 12 Apr 2022, 02:37 AM

সর্বশেষ ঘটনার প্রাথমিক অনুসন্ধানে ‘অবহেলার’ প্রমাণ পাওয়ার পর ওই চিকিৎসককে সাময়িক বরখাস্ত করার সুপারিশও করা হয়েছে।

অভিযোগের মুখে থাকা চিকিৎসক ইশরাত জাহান বেগম সিসিসির মেমন মাতৃসদনে আবাসিক চিকিৎসক পদে কর্মরত।

গত ৬ অগাস্ট সকালে নিশাত জেরিন নামে এক রোগী নগরীর সদরঘাটে মেমন হাসপাতালে ভর্তি হন। ৭ অগাস্ট রাত ১১ টার দিকে গর্ভস্থ সন্তান মৃত বলে তার পরিবারকে জানানো হয়।

সোমবার অস্ত্রোপচারের পর মৃত সন্তানটি প্রসব হয়।

ওই ঘটনায় রোববার রাতে মৌখিকভাবে ও সোমবার সকালে লিখিত আকারে প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ও সিটি মেয়রের কাছে অভিযোগ দেয় নিশাতের পরিবার।

এরপর মেমন হাসাপাতালের ইনচার্জ ডা. আশীষ কুমার মুখার্জিকে ঘটনা অনুসন্ধানের দায়িত্ব দেয় সিসিসি।  

এ বিষয়ে ডা. আশীষ কুমারের দেওয়া অনুসন্ধান প্রতিবেদনের একটি অনুলিপি সোমবার সন্ধ্যায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের হাতে আসে।

প্রতিবেদনে বলা হয়, আল্ট্রাসনোগ্রাফি রিপোর্ট অনুসারে রোগীর (নিশাত জেরিন) সিজারিয়ান করার প্রয়োজনীয়তা বেশি ছিল। এক্ষেত্রে তা উপেক্ষা (ইগনোর) করা হয়।

“আবাসিক চিকিৎসক ডা. ইসরাত জাহান বেগম যথাযথ ব্যবস্থা না নেওয়ায় বাচ্চাটি গর্ভবতী মায়ের পেটের মধ্যে মৃত্যুবরণ করে।”

প্রতিবেদনে আরও বলা হয়, “বাচ্চার মৃত্যুকালীন সময়ে রোস্টার অনুযায়ী ডা. ইসরাত জাহান বেগমের ডিউটি ছিল। কিন্তু তিনি কাউকে না জানিয়ে কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। আরো উল্লেখ্য যে, মেডিকেল অফিসার বিষয়টি ডা. ইসরাত জাহান বেগমকে অবহিত করার পরও তিনি পদক্ষেপ গ্রহণ করেননি।”

ডা. আশীষ কুমার মুখার্জির সাথে যোগাযোগ করা হলে তিনি প্রতিবেদন দেয়ার বিষয়টি স্বীকার করলেও তাতে থাকা তথ্য ও সুপারিশ জানাতে রাজি হননি।

সিসিসি’র প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রাথমিকভাবে অনুসন্ধানে অবহেলার প্রমাণ মিলেছে।

“৭ অগাস্ট বিকালে ডা. ইসরাত জাহান ওই রোগীকে সিজারিয়ান অপারেশন করার কথা ছিল। হাসপাতাল কর্তৃপক্ষকে না জানিয়েই তিনি অনুপস্থিত ছিলেন। রোগীর পরিস্থিতি তাকে ফোনে জানানো হলেও তিনি সাড়া দেননি।”

ডা. সেলিম আকতার বলেন, এর আগেও ওই চিকিৎসকের বিরুদ্ধে গত ফেব্রুয়ারিতে অবহেলায় গর্ভজাত অন্য এক শিশুর মৃত্যু ঘটানোর অভিযোগ আছে।

“প্রাথমিক অনুসন্ধানে দুটি ঘটনাতেই অবহেলার প্রমাণ মেলায় তাকে সাময়িক বরখাস্তের সুপারিশ করা হয়েছে। বিষয়টি মেয়র মহোদয়কে জানানো হয়েছে। তিনি শিগগির সিদ্ধান্ত দেবেন।” 

ওই চিকিৎসকের বিষয়ে আরও তদন্তের জন্য একটি ‘শক্তিশালী তদন্ত কমিটি’ গঠন করা হয়েছে বলেও জানান প্রধান স্বাস্থ্য কর্মকর্তা সেলিম।

ওই কমিটির সদস্যরা হলেন- চট্টগ্রাম মেডিকেল কলেজের (চমেক) অধ্যক্ষ ডা. সেলিম জাহাঙ্গীর, গাইনি বিভাগের চিকিৎসক শাহানারা চৌধুরী ও সিসিসি’র নির্বাহী ম্যাজিস্ট্রেট সনজিদা শারমিন।

সোমবার বিকালে গঠিত এই কমিটিকে আগামী তিন কার্য দিবসের মধ্যে তদন্ত শেষ করে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

সিসিসি’র সচিব মোহাম্মদ আবুল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তদন্ত কমিটির প্রতিবেদনে অবহেলার বিষয়টি আসলে আমরা ওই চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেব।”

এ বিষয়ে ডা. ইসরাত জাহান বেগম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ৭ অগাস্ট সকালেই সিজার করার কথা ছিল। সেসময় দায়িত্বে থাকা চিকিৎসকরা তা করেননি। এতেই পরিস্থিতি জটিল আকার ধারণ করে।

“এর আগেও আমাকে সরাতে এ ধরনের ষড়যন্ত্র হয়েছিল। এটাও ষড়যন্ত্রের অংশ। কর্তৃপক্ষ এখনও আমার কাছে কিছু জানতে চায়নি। অফিসিয়ালি জানতে চাইলে আমি জবাব দেব।”

সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরীর সময়ে সিসিসি’র উদ্যোগে নগরবাসীকে স্বাস্থ্যসেবা দিতে মেমন মাতৃসদন হাসপাতাল প্রতিষ্ঠা করা হয়।

মহিউদ্দিনের সময়ে নগরবাসী প্রসূতিদের ভরসাস্থলে পরিণত হলেও পরবর্তীতে সুনাম হারাতে থাকে মাতৃসদন হাসপাতাল।