চট্টগ্রামে পরিবেশ দূষণে চামড়া কারখানাকে জরিমানা
হালদা রক্ষায় আন্দোলনের মধ্যে চট্টগ্রামের রিফ লেদার নামের একটি চামড়া প্রক্রিয়াজাতকরণ কারখানাকে প্রায় সাড়ে ১০ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।
বৃহস্পতিবার পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মহানগর পরিচালক মো. আজাদুর রহমান মল্লিকের কার্যালয়ে এক শুনানিতে এ ক্ষতিপূরণ নির্ধারণ করা হয়।
কাঁচা চামড়া প্রক্রিয়াজাতকরণের ফলে সৃষ্ট তরল বর্জ্য অপরিশোধিত অবস্থায় পরিবেশে অবমুক্ত করায় এ জরিমানা করা হয়।
পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক সংযুক্তা দাশগুপ্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বাহির সিগন্যাল এলাকায় কারখানাটির তরল বর্জ্য সংলগ্ন নালায় ফেলা হয়।
“নালা থেকে খাল হয়ে তা হালদা নদীতে গিয়ে পড়ে বলে পরিবেশ আন্দোলনকারী ও স্থানীয়দের অভিযোগ। অপরিশোধিত অবস্থায় তরল বর্জ্য পরিবেশে অবমুক্ত করায় রিফ লেদারকে ১০ লাখ ৪৩ হাজার ৭৫০ টাকা জরিমানা করা হয়েছে।”
এর আগে সোমবার পরিবেশ অধিদপ্তরের একটি দল ওই এলাকায় গিয়ে দূষণের প্রমাণ পায়।
বাহির সিগন্যাল এলাকার ওই চামড়া প্রক্রিয়াজাতকরণ কারখানা থেকে নির্গত তরল বর্জ্য কৃষ্ণখালি খাল হয়ে হালদায় গিয়ে পড়ে।
এতে ওই এলাকায় খালের পানি কালো রঙ ধারণ করেছে। দূষিত হচ্ছে দক্ষিণ এশিয়ার অন্যতম প্রধান প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র হালদা নদী।
প্রায় দুই বছর ধরে নগরীর বায়েজিদ থেকে কুলগাঁও পর্যন্ত এলাকার শিল্প কারখানা এবং আবাসিক বর্জ্য দুই ইউনিয়নের সাতটি খাল বেয়ে ছড়িয়ে পড়েছে পুরো এলাকায়। এরমধ্যে অধিকাংশ খালের গন্তব্য দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহৎ প্রাকৃতিক মৎস্য প্রজননকেন্দ্র হালদা নদী।
দূষণের শিকার খালগুলো হল- শিকারপুর ইউনিয়নের কুয়াইশ, বাথুয়া, হামিদিয়া ও কৃষ্ণখালি এবং মাদার্শা ইউনিয়নের খন্দকিয়া, কাটাখালি ও মাদারি।
দূষণের ফলে হালদায় কমছে মা মাছ। এবছর নির্ধারিত সময়ে নমুনা ডিম দিলেও হালদায় ডিম ছাড়েনি মাছ।
দূষণের কবল থেকে হালদা ও জনপদ রক্ষায় ২২ জুলাই মানববন্ধন ও সমাবেশ করে স্থানীয়রা। তারা পরবর্তীতে বৃহত্তর আন্দোলন কর্মসূচি পালনেরও ঘোষণা দেয় ওইদিন।
এরমধ্যে গত ২ অগাস্ট বিবৃতি দিয়ে কর্ণফুলী ও হালদা নদীকে দূষণমুক্ত রাখতে শিল্প-কারখানায় বর্জ্য শোধনযন্ত্র স্থাপনে বাধ্যবাধকতা আরোপ ও তা নিশ্চিত করার দাবি জানায়।
ওই বিবৃতিতে শোধন ছাড়া নদীতে ও খালে বর্জ্য ফেলা শিল্প করাখানা চিহ্নিত করে ব্যবস্থা নিতে পরিবেশ অধিদপ্তরের উদ্দেশ্যে আহ্বানও জানান মহিউদ্দিন।
