২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এসপিপত্মী মিতু হত্যায় ‘অস্ত্রদাতা’ ভোলা ফের রিমান্ডে

চট্টগ্রামে এসপিপত্মী মাহমুদা আক্তার মিতু হত্যার ঘটনায় করা হত্যা মামলায় দ্বিতীয় দফায় জিজ্ঞাসাবাদের জন্য ‘অস্ত্রদাতা’ এহতেশামুল হক ভোলাকে দুইদিনের হেফাজতে পেয়েছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Aug 2016, 06:55 PM

Updated : 20 Aug 2022, 01:21 PM

চট্টগ্রামের মহানগর হাকিম আবু সালেহ মোহাম্মদ নোমান মঙ্গলবার তাকে হেফাজতে নেওয়ার এ আদেশ দেন।

চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (প্রসিকিউশন) নির্মলেন্দ বিকাশ চক্রবর্ত্তী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ১০ দিনের রিমান্ড আবেদন করা হলে শুনানি শেষে আাদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

এর আগে গত ১৭ জুলাই হত্যা মামলায় অন্য দুই আসামির সাথে ভোলাকেও তিন দিনের রিমান্ডে পেয়েছিল পুলিশ।

এ নিয়ে মিতু হত্যা মামলায় ভোলাকে দ্বিতীয় দফায় রিমান্ডে পেল পুলিশ।

এর আগে ১০ জুলাই ভোলা ও তার সহযোগী মনিরকে বাকলিয়া থানায় করা একটি অস্ত্র মামলায় তিন দিনের রিমান্ডে নেয় পুলিশ। এরপর ১৪ ‍জুলাই অস্ত্র আইনের মামলায় আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় ভোলার কর্মচারী মনির হোসেন।

জবানবন্দিতে মনির জানায়, পুলিশের হাতে গ্রেপ্তারের পাঁচ থেকে সাতদিন আগে ভোলা একটি কাপড়ভর্তি শপিং ব্যাগ তাকে দিয়ে যায়। ব্যাগের ভেতর কি ছিল তা জানতেন না বলেও তার দাবি।

পুলিশ ভোলাকে নিয়ে অভিযানে এলে ওই সময়ই প্রথম ব্যাগের ভেতর থাকা অস্ত্র দেখতে পায় বলে জবানবন্দিতে দাবি করেন মনির।

বাকলিয়া থানার ওই অস্ত্র মামলায় গত ২৮ জুলাই ভোলা ও মনিরকে আসামি করে আদালতে অভিযোগপত্র জমা দেয় তদন্তকারী কর্মকর্তা এসআই মহিম উদ্দিন।

গত ৫ জুন সকালে ছেলেকে স্কুলবাসে তুলে দিতে যাওয়ার সময় চট্টগ্রামের ও আর নিজাম রোডে গুলি করে ও কুপিয়ে হত্যা করা হয় এসপি বাবুল আক্তারের স্ত্রী মিতুকে।

গত ২৮ জুন ভোলা ও মনিরকে দুটি অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তারের কথা জানায় পুলিশ। পরে অস্ত্র উদ্ধারের ঘটনায় বাকলিয়া থানায় মামলা হয়। 

পুলিশের ধারণা, তাদের কাছ থেকে উদ্ধার করা পয়েন্ট ৩২ বোরের দেশি রিভলবার ও ৭ দশমিক ৬৫ বোরের পিস্তলটি মিতু হত্যায় ব্যবহৃত হয়েছে।

ভোলাকে মিতু হত্যা ও অস্ত্র আইনের মামলায় আসামি করা হলেও মনিরকে শুধু অস্ত্র আইনে গ্রেপ্তার দেখানো হয়।

পুরনো খবর:

মিতু হত্যার ‘অস্ত্রদাতা’ ভোলা রিমান্ডে
মিতু হত্যা: অস্ত্র আইনের মামলায় মনিরের জবানবন্দি
এসপিপত্নী মিতু হত্যায় ভোলাসহ ৩ জন রিমান্ডে